“ডিসেম্বরে এত ঠান্ডা পড়বে যে রাজ্য সরকারও কাঁপবে,” তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ সুকান্ত’র

আমাদের ভারত, ৩০ অক্টোবর: রাজ্যের তৃণমূল সরকার ডিসেম্বরেই বড়সড় ধাক্কা খাবে। সরকার পড়ে যাবে। পুজোর আগে থেকেই এমনই হুংকার দিচ্ছেন বিজেপি নেতারা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখেও এই ডিসেম্বরে সরকার পড়ে যাওয়ার প্রসঙ্গ উঠে এলো। সুকান্ত বলেন, ডিসেম্বরে এত ঠান্ডা পড়বে যে রাজ্য সরকারও কাঁপবে।

শনিবার দুর্গাপুরের পলাশডিহায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি বলেন, “ডিসেম্বরের শীতে কাঁপবে রাজ্য। আর সেই ডিসেম্বরের শীতে কাঁপবে রাজ্য সরকারও।”

পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর থেকেই ডিসেম্বরের পর রাজ্য সরকার থাকবে না। ক্রমাগত এই মন্তব্য করে চলেছেন বিজেপি নেতারা। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় সহ প্রায় সকলেই ডিসেম্বরের প্রসঙ্গ বার বার তুলে এনেছেন। কারণ তাঁদের দাবি, একের পর এক কেলেঙ্কারিতে তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে যাবেন। ফলে সরকার চালানোর আর কেউ থাকবে না। এমনও শোনা গেছে ডিসেম্বরে তৃণমূলের সরকার ফেলে দেওয়ার প্রসঙ্গ বিজেপি নেতৃত্ব সিপিআইএমের নেতৃত্বে সঙ্গেও আলোচনা করেছেন।

তবে ডিসেম্বর প্রসঙ্গ ছাড়াও সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছে। কেন্দ্রের ভিক্ষার অর্থে রাজ্য সরকার চলছে।

এদিকে সুকান্ত’র বক্তব্যের পাল্টা দিতে গিয়ে, তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, “ডিসেম্বরে সার্কাস আসে আর বিজেপি সার্কাস পার্টিতে পরিণত হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *