“ভয়ংকর খেলা হবে”, অনুব্রতকে পালটা দিলীপ ঘোষের

আমাদের ভারত, বর্ধমান, ১৫ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল স্লোগান দিয়েছেন খেলা হবে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, খেলা তো হবেই তবে সেই খেলা ভয়ঙ্কর খেলা হবে। বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় চা চক্রে যোগ দিতে এসে এ ভাবেই তৃণমূলকে পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার সকালে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস বাংলাদেশের কাছ থেকে স্লোগান ধার করে জয়বাংলা বলছে। তিনি ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশের কাছ থেকে নেওয়াটা তৃণমূলের কালচার হয়ে গেছে। কারণ দিদিমণি আর বাঙালির উপর ভরসা করতে পারছেন না। সেই কারণেই বাংলাদেশের স্লোগান ব্যবহার করছে। খেলা হবে স্লোগানটি বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, এবার আমি দিদিমণিকে বলছি, দিদিমণি আপনার ভাইদের বলে দিন খেলাতো হবে, কিন্তু ভয়ঙ্কর খেলা হবে। আপনারা শান্তিতে গ্যালারিতে বসে দেখবেন। আর আমরা মাঠে খেলব। আসলে আপনারা কাকে নিয়ে খেলবেন? আপনাদের টিমের ডিফেন্ডার, ফরোয়ার্ড সবাইতো বিজেপিতে চলে এসেছে। এর পরেই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, মাঝে মাঝে উনি নাটক করেন। বাংলার গর্ব মমতা এই হোডিং রাজ্যজুড়ে যখন লাগানো হল তখন আমফান হল। আর আমফানে সব হোডিং উড়ে চলে গেল। এখন আবার বলছে নাকি পাড়ায় পাড়ায় দূত এসেছে। আমি বলব জয় শ্রীরামে পালিয়ে গেল সব ভূত, এবার পাড়ায় পাড়ায় এসেছে যমের দূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *