আমাদের ভারত, ৭ আগস্ট: “অলিম্পিকের থেকে অনেক বড় খেলা হবে, কারণ এটা মানুষের খেলা, মারের পাল্টা মার৷” কামারহাটিতে সবজি বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রিপুরাতে তৃণমূলের ওপর হওয়া হামলা প্রসঙ্গে এই মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেখানেই ত্রিপুরা হামলা প্রসঙ্গে বলতে গিয়ে হাজারো কথা বলেন মদন মিত্র৷ তিনি বোমা ফাটিয়ে বলেন, “বিজেপি ত্রিপুরাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু ভয় পেয়েছে তা নয় ওরা বাচ্চা ছেলে দেবাংশুকে পর্যন্ত ভয় পেয়েছে তাই হামলা করছে। ২ মে মার হয়েছে এবার ত্রিপুরাতে মার হবে।”
কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্রের উদ্যোগে কামারহাটির ডেভলপমেন্ট সোসাইটির তত্বাবধানে রথতলা মোড়ে ৩৫ হাজার কেজি সবজি বিতরণ করা হয়। নিম্ন চাপের জেরে কামারহাটির বিস্তীর্ণ অঞ্চল বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় রয়েছে। সেই সব অঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে সবজি তুলে দেওয়া হয় এদিন। এই সবজিগুলির মধ্যে ছিল আলু, পটল, বেগুন, গাঁটি কচু সহ বিভিন্ন ধরনের সবজি।
এদিন মদন মিত্র আরও জানান, এরপরে চাল তেল এবং ঘি দেওয়া হবে যাতে এই জলমগ্ন মানুষগুলো অন্ততপক্ষে একবেলা সিদ্ধ ভাত যাতে খেতে পায় তার ব্যবস্থা করে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করেছি আমরা।”

