স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ সেপ্টেম্বর:
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা খরচ নিয়ে প্রশ্ন তুললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, প্রকল্পগুলো শুনতে ভালো কিন্তু এই প্রকল্পের টাকা কোথায় যাচ্ছে তা জানা যাচ্ছে না। ভারতের ছাত্র ফেডারেশনের৩৭ তম রাজ্য সম্মেলনের আজ শেষদিনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় নবদ্বীপের রাধা বাজারে। সেই সমাবেশে এই কথা বলেন বিমান বসু।
তিনি বলেন, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলো শুনতে ভালো লাগে কিন্তু রাজ্য তথা জেলায় জেলায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। যে সমস্ত টাকা খরচ হচ্ছে অনেকাংশই সেই টাকা কোথায় যাচ্ছে জানা যাচ্ছে না। পাশাপাশি রাজ্যের চাকরির মেধাতালিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেন তালিকার ১৬৫ নম্বরে যিনি রয়েছেন তিনি চাকরি পাচ্ছেন অথচ মেধা তালিকার শীর্ষে থাকা জন চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। শিক্ষায় ড্রপ আউটের সংখ্যা বেড়েই চলেছে।

