“মৃতদেহ নিয়ে রাজনীতি করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যেস”, শীতলকুচি কাণ্ড প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

নীল বণিক, আমাদের ভারত, ১৭ এপ্রিল:
মৃতদেহ নিয়ে রাজনীতি করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যেস। আজ আসানসোলের জনসভায় বক্তব্য রাখার সময় শীতলকুচি কাণ্ডে এই ভাষাতেই তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁস হওয়া অডিও টেপ আমার কানে এসেছে। সেখানেই শুনলাম মৃতদেহ নিয়ে কিভাবে রাজনীতির কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও টেপ ফাঁস হয়। সেই অডিও টেপে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় মৃতদেহগুলি রেখে দেবার জন্য। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ২৪ ঘন্টার মধ্যে শীতলকুচি যাচ্ছি। তারপর মিছিল করব। সেই প্রসঙ্গ টেনে আসানসোলে প্রধানমন্ত্রী বলেন, মৃতদেহ নিয়ে এখন আপনাদের রাজনীতি করতে হচ্ছে। এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, এটা আপনাদের অনেক পুরনো অভ্যাস।

অডিও টেপ ছাড়াও আসানসোল ও গঙ্গারামপুর দু’জায়গায় সভা করে রাজ্যের সিন্ডিকেট নিয়ে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভাইপো ও তার দলবল দুর্নীতি করেছে। আমি তার তীব্র প্রতিবাদ করেছি। আর এর জন্যই আপনি আমাকে বলেছেন কান ধরে উঠবস করাবেন। আপনি যদি এই কাজটা ভাইপোকে করাতেন তাহলে আমাকে বাংলায় আসতে হতো না। বাংলার মানুষের এত ভিড় বিজেপির সভায় হতো না বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *