পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: গড়বেতায় পুলিশের থাপ্পড়ে এক তৃণমূল কর্মীর অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত তৃণমূল কর্মীকে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গড়বেতা এক নম্বর ব্লকে নতুন সভাপতি নির্বাচনের পর গড়বেতার বিভিন্ন অঞ্চলে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজনদের ওপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে। সন্ধিপুর দু’নম্বর অঞ্চলের যাদবপাটি গ্রামের বাসিন্দা আহমাদুল্লাহ খানের উপর ব্লক সভাপতি সেবাব্রত ঘোষের ঘনিষ্ঠ ভাদু খান চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর পুলিশ আহমাদুল্লাহকে সন্ধিপুর থানায় ধরে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় থানার আইসি শফিক আলম তার কানে থাপ্পড় মারলে সে অজ্ঞান হয়ে যায় বলে আহমাদুল্লাহর অভিযোগ।
আহত আহমাদুল্লাহ বলেন, ভাদু খান ও তার স্ত্রী তাকে যখন অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করছিল তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পুলিশ কোনো কথা না শুনে আমায় থানায় এনে কানের গোড়ায় সজোরে থাপ্পড় মারে। এরপর আমি অসুস্থতা বোধ করি।
জানা গেছে, প্রথমে আহমদ উল্লাহকে সন্ধিপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক।

