২ জন অর্থমন্ত্রীর আমলেও খড়দা বিধানসভা এলাকার কোনো উন্নয়ন হয়নি, এটা লজ্জার, বললেন বিজেপি প্রার্থী

প্রতীতি ঘোষ,ব্যারাকপুর, ১৫ এপ্রিল:
বাম এবং তৃণমূল আমলে খড়দা থেকে দু দুজন জিতে রাজ্যের অর্থমন্ত্রী হয়েছিলেন। বাম আমলে অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত টানা এখান থেকে জয়ী হয়েছেন। তৃণমূলের অমিত মিত্রকেও খড়দাবাসি বিধানসভায় পাটঠিয়েছিল। কিন্তু সেই অর্থে খড়দার তেমন উন্নয়ন হয়নি। তাই বিজেপি এবার খড়দায় নজর দিয়েছে। বিজেপি প্রার্থী করেছে শীলভদ্র দত্তকে। ২২ এপ্রিল ভোটের আগে মঙ্গলবার তাঁর হয়ে প্রচারের ঝড় তুললেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এবার আসছেন অমিত শাহ। শুক্রবার খড়দায় জনসভা করবে অমিত শাহ।

খড়দার মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। তিনি বলেন, “খড়দা বিধানসভা ২৫ বছরে দুটি দলের দুইজন অর্থমন্ত্রীকে জিতিয়ে ছিল কিন্তু সেই অর্থমন্ত্রীরা এই বিধানসভার জন্য কিছুই করেননি। না হয়েছে জলের সমস্যা সমাধান, না হয়েছে রাস্তার উন্নতি। এটা অনেক বড় লজ্জার বিষয়। এই জন্য মানুষ এবার পরিবর্তনের দিকে ঝুঁকেছে, সারা বাংলার মতই খড়দা বিধানসভাতেও আমরা জিতবো।” অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জিকে সাথে নিয়ে মঙ্গলবার প্রচার সারার মাঝে সাংবাদিকদের এই কথা বললেন খরদার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।

মঙ্গলবার খড়দা বিধানসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের সমর্থনে প্রচারে আসেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এদিন শ্রাবন্তী খড়দা বিধানসভার বন্দিপুর থেকে পাতুলিয়া ঘুরে রহড়া পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শীলভদ্র দত্তের প্রচার করেন। বিজেপি শ্রাবন্তী চ্যাটার্জি শীতল কুচির ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “শীতল কুচির গুলি চালনার ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। এই ঘটনা কেন ঘটেছে তা দেখার জন্য আইন রয়েছে আর আইন আইনের পথে চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *