“মন্দিরের কাছে মদের দোকান থাকা অপরাধ”, দোকানে গোবর ছুঁড়ে প্রতিবাদ উমা ভারতীর

আমাদের ভারত, ১৫ জুন: মন্দিরের কাছে মদের দোকান কেন? তার প্রতিবাদ করতেই মদের দোকানে গোবর ছুড়ে মারলেন। এর আগেও একবার মদের দোকানে ঢুকে পাথর ছুড়ে বোতল ভেঙ্গে শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। সেবারও হইচই শুরু হয়েছিল তাকে ঘিরে। এবার আবারো একটি মদের দোকানে গোবর ছুড়ে হইচই ফেললেন তিনি।

মদের দোকানে গোবর ছোড়ার পর উমার প্রতিক্রিয়া, “এবার আর পাথর ছুড়লাম না। তার বদলে গোবর দিলাম।” মধ্যপ্রদেশের ভোপাল থেকে ৩৩০ কিলোমিটার দূরে নিওয়ারি জেলার তীর্থস্থান উর্চা। সেখানেই রয়েছে রাম রাজা মন্দির। ওই এলাকার একটি মদের দোকানেই গোবর ছুড়ে প্রতিবাদ জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এই ঘটনার পর একাধিক টুইটে উমা দাবি করেন, দোকানটি যে জায়গায় রয়েছে সেখানে মদের দোকান করার অনুমতি নেই। এছাড়াও তার দাবি পবিত্র শহর উর্চাতে মদের দোকান খোলা অপরাধ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উমা ভারতী গোবরের তাল ছুড়ছেন মদের দোকান লক্ষ্য করে। তাকে বলতে শোনা যাচ্ছে, “দেখুন আমি কিন্তু এবার আর পাথর ছুড়লাম না। এবার আমি গোবর ছুড়লাম”।

প্রসঙ্গত, এ বছর মার্চে ভোপাল শহরের একটি মদের দোকানে ঢুকে পাথর ছুড়ে বোতল ভেঙ্গে উমা দাবি করেন, সম্পূর্ণভাবে মদ নিষিদ্ধ করা হোক। যদিও মধ্যপ্রদেশ সরকার সেই পথে এখনো হাঁটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *