আমাদের ভারত, ৭ জুলাই: মা কালী বিতর্কের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে গ্রেফতার করার দাবি জানালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
বৃহস্পতিবার অগ্নিমিত্রা টুইটারে লিখেছেন, “একবার নয়, বারবার বলছেন। একই কথা বলে চলেছেন মহুয়া মৈত্র। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, মহুয়ার মতের সঙ্গে দল একমত নয়। তৃণমূল তৃণমূলের মতো বলছে কিন্তু সাংসদ নিজের বক্তব্যে অনড়। ক্ষমা চাওয়া দূরস্থান।
আদতে মহুয়া জানেন, হিন্দু ভাবাবেগে আঘাত করলে তৃণমূল সরকার কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। বরং হিন্দু ধর্মের সমালোচনা করলে দলে উন্নতি হয়। সাংসদ বলছেন, দল সাসপেন্ড পর্যন্ত করেনি।
অতএব ধরে নেওয়া যেতেই পারে মমতা চাইছেন মহুয়া মৈত্র একথা বলে যাক। যাতে বিশেষ মহলের কাছে বার্তা যায়। তোষণ রাজনীতির কদর্য উদাহরণ।
মুখ্যমন্ত্রী মুখ খুলুন। নুপুর শর্মাকে গ্রেপ্তার করতে চেয়ে তৎপর পুলিশ। ওনার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হচ্ছে। আর মহুয়ার মন্তব্যের পরে বহু ঘন্টা কেটে গিয়েছে। মমতার পুলিশ হাত গুটিয়ে বসে আছে। ইতিমধ্যে অনেক অভিযোগ দায়ের হয়েছে।“

