স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সুভাষ নগরের বাসিন্দা সোনা মাহাতো খুনের ঘটনায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলো ইসলামপুর মহকুমা আদালত।

শুক্রবার সরকারি আইনজীবী মুক্তার আহমেদ জানান, ২০১৫ সালের মার্চ মাসের ৩ তারিখে চোপড়া থানার অন্তর্গত সুভাষ নগরের বাসিন্দা সোনা মাহাতোকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে তার কাকা তাপস মাহাতো ও কার্তিক মাহাতো। সোনা মাহাতোর মা সুচিত্রা মাহাতো তাপস ও কার্তিক মাহাতোর বিরুদ্ধে চোপড়া থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার পুলিশ তাপস মাহাতো ও কার্তিক মাহাতোকে গ্রেফতার করে। চোপড়া থানার পুলিশ ৩০২/৩৪ আইপিসি ধারা অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করে। এরপর তদন্ত সাপেক্ষে মামলা চলাকালীন পুলিশ ৩০৪/৩৪ আইপিসি ধারায় চার্জশিট পেশ করে। এরপর বিচারক ওই ধারায় দোষী সাব্যস্ত করে দুই জনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী। অন্যদিকে ছেলের খুনের বিচার পেয়ে খুশি অসহায় মা।


