দুষ্কৃতি হামলায় আহত ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছোট ছেলে, চাঞ্চল্য এলাকায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ ডিসেম্বর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছোট ছেলের ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য। বিধায়কের ছেলের অনুমান ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার বলঞ্চা এলাকায়। খবর পেয়ে তৃণমূলের নেতা কর্মীরা ছুটে যান ইসলামপুর থানায়।

বিধায়কের ছেলে ইমদাদ চৌধুরীর জানিয়েছেন, তিনি এক বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইসলামপুর থানার ভুজাগাঁও এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে তারা দু’জন ছিলেন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন ইসলামপুর থানার বলঞ্চা এলাকায় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে তার গাড়ি কাঁচ ভেঙ্গে আহত হন তিনি। তার মাথায় কাঁচের টুকরো লাগে। আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে গেলে ঠিক একই যায়গায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল বলে জানতে পারেন তিনি। এই ঘটনায় ইসলামপুর থানার দ্বারস্থ হন তিনি। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন বিধায়কের ছোটো ছেলে ইমদাদ চৌধুরী।

অন্যদিকে তৃণমূল নেতা জাভেদ আখতারকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, এই ঘটনাটা খুবই নিন্দাজনক। দ্রুত এর ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি। পাশাপাশি বিধায়কের ছেলের যদি কোনও নিরাপত্তা না থাকে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে বলে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে বলে জানিয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *