পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: শালবনী বিধানসভায় প্রার্থী ঘোষণা করল আইএসএফ। আদিবাসী সমাজের প্রতিনিধিকে সামনে রেখে এই কেন্দ্রে পীযূষ হাঁসদাকে প্রার্থী করা হয়েছে বলে দল সূত্রে জানা গিয়েছে। নতুন এই প্রার্থী ঘোষণায় এলাকায় রাজনৈতিক সমীকরণেও নড়চড় হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাড়ছে তৃণমূল ও বিজেপির চাপও।
আইএসএফ সূত্রে খবর, মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমস্যাকে তুলে ধরতেই পীযূষ হাঁসদাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। যদিও তিনি আগে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রার্থী হওয়ার পর পীযূষ হাঁসদা বলেন, “আমি সরাসরি রাজনীতিতে ছিলাম না। বিভিন্ন সংগঠনের দায়িত্বে কাজ করেছি। আদিবাসী সম্প্রদায়ের মানুষের কথা বলার জন্যই আমাকে প্রার্থী করা হয়েছে।”

