ISF, Shalboni, শালবনীতে আইএসএফ প্রার্থীর সভা, দুর্নীতি ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কড়া বার্তা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: শালবনী বিধানসভা এলাকার শালবনীর ২ নং বিষ্ণুপুর অঞ্চলের অঞ্চল নির্বাচনী কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী বিশিষ্ট শিক্ষক পিযুষ হাঁসদা।

সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী পিযুষ হাঁসদা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, আর সেই সুযোগে দুর্নীতি দিন দিন বাড়ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতার অভাব এবং জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এছাড়াও, কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিভাজনের রাজনীতি করে সমাজে ভেদাভেদ তৈরি করা হচ্ছে। ধর্ম ও জাতপাতের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার প্রবণতা দেশের ঐক্য ও সম্প্রীতির পক্ষে ক্ষতিকর বলে তিনি উল্লেখ করেন।

পিযুষ হাঁসদা আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং উন্নয়নের স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন। তিনি সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তৃতার শেষে আসন্ন নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আইএসএফ প্রার্থী।

এই সভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *