“ডি জি বদলের সিদ্ধান্ত কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ষড়যন্ত্র করেই? আমরা এর বদলা নেব”

আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ মার্চ: “রাজ্যে ডি জি বদলের পিছনে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ষড়যন্ত্র রয়েছে? কেন তবে তড়িঘড়ি রাজ্য পুলিশের ডি জি বদল করা হল? নির্বাচন কমিশনকে এর উত্তর দিতে হবে।” বললেন তৃণমূল প্রার্থী মদন মিত্র।

আজ কামারহাটিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও বেলঘরিয়া থানা ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলার ঘটনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করলেন মদন মিত্র।

বুধবার মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় বিজেপির চক্রান্ত আছে বলে দাবি করেছেন এ রাজ্যের তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ তুলে বৃহস্পতিবার কামারহাটি তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্থানীয় তৃণমূল প্রার্থী মদন মিত্রের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল হয়। এই প্রতিবাদ মিছিল কামারহাটির বিটি রোডের রথতলা থেকে শুরু হয়ে শেষ হয় বেলঘড়িয়া থানায়। মদন মিত্রের নেতৃত্বে বেলঘরিয়া থানার পুলিশের কাছে প্রতিবাদ পত্র জমা দেয় প্রতিবাদ কর্মসূচিতে শামিল প্রতিবাদী তৃণমূল কর্মীরা।

তৃণমূল প্রার্থী মদন মিত্র কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা আমরা সহজে ছেড়ে দেব না। কেন হল জননেত্রীর উপর হামলা? নির্বাচন কমিশনকে এই জবাব দিতে হবে। এখন রাজ্যের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে? যখন মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনা ঘটে, তখন কোথায় ছিল পুলিশ? তড়িঘড়ি রাজ্য পুলিশের ডি জি বদন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করা হবে, সেই ষড়যন্ত্র করেই। তবে আমরা এর বদলা নেব। রাজনৈতিকভাবে নেব। বাংলার প্রতিটা ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার বদলা হবে। আগামী ২ মে নির্বাচনের ফল প্রকাশের পর এই সমস্ত বিষয়ের নিরপেক্ষ তদন্ত হবে। অভিযুক্তদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবে বাংলার প্রশাসন।”

পাশাপাশি তিনি আরো বলেন, তাদের আন্দোলন আগামীদিনে দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। তবে বোম গুলি নিয়ে তারা আন্দোলনে যাবেন না। আন্দোলন হবে রাজনৈতিকভাবে। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর বাংলায় ২৯৪টি আসনেই তৃণমূল জিতলে আমি অন্তত অবাক হব না।” তৃণমূল কর্মীদের নিয়ে বেলঘরিয়া থানার প্রতিবাদ আন্দোলন চলাকালীন বেলঘড়িয়া থানার সামনে চেয়ার নিয়ে রাস্তায় বসে পড়েন প্রার্থী মদন মিত্র। এর ফলে ব্যস্ততম বিটি রোডের একটি লেন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ মিনিট ধরে বন্ধ থাকে বিটি রোডের একটি লেন। গরমে যানজটের ফলে চরম ভোগান্তির শিকার হন পথচলতি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *