আমাদের ভারত, ২১ জানুয়ারি: চরম অচলাবস্থা চলছে বাংলাদেশে। তারমধ্যে এবার বড় নির্দেশ দিল বিদেশ মন্ত্রক। সে দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন ও অন্যান্য কেন্দ্রে কর্মরত আধিকারিকদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়টি জানা গেছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।
সরকারি উদ্ধৃতি উল্লেখ করে পিটিআই- এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। যার জেরে বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য আধিকারিকদের পরিবারের সদস্যদের দ্রুত ভারতের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে এটাও জানানো হয়েছে আধিকারিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হলেও বাংলাদেশে ভারতের দূতাবাস ও অন্যান্য সব কেন্দ্রই খোলা থাকবে। কিন্তু কেন হঠাৎ এই নির্দেশ দিল বিদেশ মন্ত্রক?
জানা যাচ্ছে, এর নেপথ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সরগরম গোটা বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশে বাড়তে থাকা মৌলবাদীদের দাপাদাপি আরো ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই পরিস্থিতিতে কোনরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। তাই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাগেছে।
নির্বাচনী প্রাক্কালে ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা বাংলাদেশ। অপরাধীদের গ্রেফতার করতে উপদেষ্টা সরকারকে চরম সময়সীমা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি ভয়ঙ্কর ভাবে সে দেশে বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার। গণপিটুনির পরে নৃশংসভাবে পুড়িয়ে, কুপিয়ে হত্যা করা হয়েছে একাধিক হিন্দু যুবক, হিন্দু ব্যবসায়ী সহ সাধারণ নাগরিককে। ফলে পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক পদক্ষেপ করলে বিদেশ মন্ত্রক বলে মনে করা হচ্ছে।

