নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ মার্চ: মিঠুন চক্রবর্তী’কে কি প্রার্থী করতে চাইছে বিজেপি? এই নিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। আর এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে জল্পনা, তা হলে মিঠুন চক্রবর্তী কি বিজেপির টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন?
জানাগেছে, মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করতে চেয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন কৈলাস বিজয়বর্গীয়র। বিজেপি চাইছে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হোক মহাগুরু। সে ক্ষেত্রে কলকাতা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলে জানাগেছে। সেই প্রস্তাব নিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছেন কৈলাস বিজয়বর্গীয়।
প্রসঙ্গত, ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় বিজেপিতে যোগদান করেছেন মিঠুন চক্রবর্তী। সোনার বাংলা গঠনে বিজেপির সঙ্গে থাকার কথা জানিয়েছেন তিনি। এমনকি বিজেপির হয়ে রাজ্যজুড়ে প্রচারের কথা বলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই বাঙালি অভিনেতা। কিন্তুু কোথাও নিজে থেকে প্রার্থী হওয়ার কথা একবারও বলেননি তিনি।
বিজেপি অবশ্য মিঠুন চক্রবর্তীর মত মুখকে গোটা রাজ্যজুড়ে ব্যবহার করতে চাইছে। রাজ্য বিজেপির সব পক্ষই চাইছে মিঠুন চক্রবর্তী প্রার্থী হোক। দলীয় সূত্রের খবর এব্যাপারে উদ্যোগী হয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ও বাবুল সুপ্রিয়। তার পরেই মিঠুন চক্রবর্তীকে প্রার্থী হওয়ার জন্য তাঁকে অনুরোধ করেছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক।

