আমাদের ভারত, কলকাতা, ২৬ আগস্ট: হাতে গোনা কয়েক মাস পরেই লোকসভা ভোট। ফলের দিল্লির মসনদে কে বসবেন মোদী না বিরোধীরা তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা যদি বহাল থাকে তাহলে লোকসভায় লড়াই হবে ইন্ডিয়া জোট ভার্সেস এন ডি এ জোটের। মোদীকে হারাতে বিরোধীরা একত্রে ইন্ডিয়া জোট তৈরি করেছে। আর এই ইন্ডিয়ার জোটের অন্যতম জনপ্রিয় মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য তথা দেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা কতটা সেটা নিয়েই হয়েছিল জনমত সমীক্ষা। কিন্তু ফলাফলে যে তথ্য উঠে এসেছে তা অবাক করার মত।
সমীক্ষা করা হয়েছিল দেশের মানুষের মতে সর্বাধিক জনপ্রিয় মুখ্যমন্ত্রী কে? ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের করা সমীক্ষার সেই ফলাফলে অনুযায়ী শীর্ষস্থানে আছেন যোগী আদিত্যনাথ। তৃণমূল কংগ্রেস ২৪ এ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে দেশের কত শতাংশ মানুষ পছন্দ করে তা জানতেই এই সমীক্ষা করা হয়েছে। ৩০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিরিখে তার জনপ্রিয়তার হিসেব কষা হয়েছে। ইন্ডিয়া টুডে ও সি ভোটারের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে জনপ্রিয়তা নিরিখে সর্বপ্রথম যে নাম উঠে আসছে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমীক্ষায় ৪৩ শতাংশ মানুষের মতে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এক নম্বরে। এর পরেই যার নাম রয়েছে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তাঁর জনপ্রিয়তা ১৯.১%। সেখানে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তৃতীয় স্থানে। তিনি সমর্থন পেয়েছেন ৮.৮ শতাংশ মানুষের। চতুর্থ স্থানে রয়েছেন তামিলনাড়ুর এমকে স্ট্যালিন, ৫.৬ শতাংশ মানুষের পছন্দের তিনি। পঞ্চম স্থানে রয়েছেন ওড়িশার নবীন পট্টনায়ক। তিনি সমর্থন পেয়েছেন ৩ শতাংশ মানুষের।
এই হিসেবটা গেল দেশের মধ্যেকার জনমত সমীক্ষার। কিন্তু রাজ্যের চিত্রটা কী? রাজ্যের মানুষের কাছে কতটা জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়? ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনসমত সমীক্ষার হিসেব অনুযায়ী রাজ্যের মানুষের পছন্দের নিরিখে সর্বপ্রথম নাম ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশার সাধারণ জনতার মধ্যে তাদের সকল সমস্যা দূর করতে চাহিদা মেটাতে তিনি সেরা। তাঁর জনপ্রিয়তা ৬১.৩ শতাংশ। এরপরে ছত্রিশগড়ের ভূপেনসিং বাঘেল। তাঁর জনপ্রিয়তা ৫৯%। তৃতীয় স্থানে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, তার জনপ্রিয়তা ৫৮.৭ শতাংশ। এরপরেই রয়েছেন গুজরাটের ভূপেন্দ্র ভাই প্যাটেল। জনপ্রিয়তার নিরিখে তিনি পাচ্ছেন ৫৩.৩ শতাংশ। পঞ্চম স্থানে অসমের হিমন্ত বিশ্বশর্মা, তাঁর জনপ্রিয়তা ৪৯.২ শতাংশ। অর্থাৎ রাজ্যের মানুষের মত অনুসারে প্রথম পাঁচে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। দেশের চেয়ে নিজের রাজ্যের মানুষের কাছে তার জনপ্রিয়তা অনেক কম। প্রথম ১০ জনে্র মধ্যেও স্থান হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি নেমে গিয়েছেন ১৭ নম্বর স্থানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সন্তুষ্ট মাত্র ৩৮.৫২ শতাংশ মানুষ। আর কিছুটা সন্তুষ্ট ৩৬.৭৯ শতাংশ মানুষ। একেবারেই সন্তুষ্ট নন ২৩.২৯ শতাংশ মানুষ।

