স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৭ মার্চ:
আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দলীয় অন্দরের আলোচনা অনুযায়ী, ডোমকল টাউন প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডলের নামই ক্রমশ গুরুত্ব পাচ্ছে। স্থানীয় সংগঠন ও মাঠপর্যায়ের রিপোর্টে ইঙ্গিত মিলছে, তাঁকে প্রার্থী করা হলে সংগঠনগতভাবে দল আরও শক্ত অবস্থানে যেতে পারে। সংগঠন ভিত্তিক প্রার্থী হিসেবে বাড়ছে তার গুরুত্ব।
দলীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে কামরুজ্জামান মন্ডলের গ্রহণযোগ্যতা স্থানীয় স্তরে যথেষ্ট। কর্মী-সমর্থকদের একাংশের মত, তাঁকে প্রার্থী করা হলে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও দৃঢ় হতে পারে এবং নির্বাচনী লড়াইয়ে তা প্রভাব ফেলতে পারে।
বিরোধী শিবিরে ভাঙনের জল্পনায় রাজনৈতিক মহলের একাংশের মতে, কামরুজ্জামান মন্ডলকে প্রার্থী করা হলে বিরোধী শিবিরে ভাঙনের সম্ভাবনাও তৈরি হতে পারে। কংগ্রেসের কয়েকজন ব্লক স্তরের নেতা তাঁদের অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলে আলোচনা চলছে। বিশেষ করে সারাংপুর ৫ নম্বর অঞ্চল থেকে সম্ভাব্য বড়সড় যোগদান ডোমকলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।
গোষ্ঠীদ্বন্দ্ব কমার সম্ভাবনা: ডোমকলের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে। তবে দলীয় সূত্রের দাবি, কামরুজ্জামান মন্ডলের নাম সামনে এলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হতে পারে। প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলাম ঘনিষ্ঠ একাংশও তাঁর প্রার্থীতার পক্ষে মত দিচ্ছেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, বর্তমান বিধায়কের পরিবারের কাউকে—বিশেষ করে ছোট ভাই জাকির হোসেনকে—প্রার্থী করা হলে রাজনৈতিক সমীকরণ জটিল হতে পারে বলে কিছু নেতার মত। তাঁদের আশঙ্কা, এমন সিদ্ধান্তে ভোটের লড়াই আরও কঠিন হয়ে উঠতে পারে।
অন্য নামও আলোচনায়: এছাড়া সামিম শেখ (রুবাই)-এর নামও আলোচনায় থাকলেও তাঁর সাংগঠনিক প্রস্তুতি ও ভিত্তি নিয়ে দলের ভিতরে কিছু প্রশ্ন রয়েছে বলে সূত্রের দাবি।
চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা: ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন এখনও চূড়ান্ত নয়। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের সমীকরণ বিচার করলে কামরুজ্জামান মন্ডলের নাম একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে উঠে আসছে। এখন নজর দলের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

