’রবীন্দ্র নাথের মত দাঁড়ি রেখে, কখনও প্রফুল্ল চন্দ্রের মত সেজে কি বাংলার মানুষের মন জয় করা যায়?’

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ ডিসেম্বর: প্রধানমন্ত্রী দাড়ি এবং তাঁর সাজপোশাক নিয়ে এবার কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, রবীন্দ্রনাথের মতো দাড়ি রেখে বা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মতো সেজে বাংলা দখল করা যাবে না, বিজেপি যতই চেষ্টা করুক তৃণমূলই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে। আজ উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের দলীয় সভায় বক্তব্য রাখতে এসে এভাবেই বিজেপিকে তীব্র আক্রমন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।

এদিনের সভায় তিনি বলেন, “দেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে মিথ্যা কথা বলছেন। বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল মিটিং করছেন। তবে উনার সময় হয়নি আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলার। উনি সমস্ত কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। উনার নজর এখন শুধু বাংলার দিকে। বাংলার মানুষের সঙ্গে প্রতারনা করে বাংলা জেতা যায় না। কখনো রবীন্দ্র নাথের মত দাঁড়ি রেখে, কখনো প্রফুল্ল চন্দ্রের মত সেজে কি বাংলার মানুষের মন জয় করা যায় ? বাংলার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। তাই বাংলাকে বঞ্চনা করে, অসত্য কথা বলে বাংলায় ক্ষমতা দখল করা যাবে না।

তৃণমূলের দুয়েরে সরকার নিয়ে বিজেপির নেতারা ইদানিং ব্যাঙ্গ করছেন। সেই বিষয়ে তিনি বলেন, বিজেপি কর্মীরা মানুষকে ভয় পেয়ে গেছে। ওরা বলছে যমের দুয়ারে সরকার, মানুষ কি ওদের কাছে যম? ওরা উন্নয়ন কিছুই করেনি, শুধু বাংলার দিকে নজর। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হ্যাট্রিক করবে, শুধু সময়ের অপেক্ষা।” পানিহাটির এদিনের সভায় চন্দ্রিমা ভট্টাচার্য্য ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, নির্মল ঘোষ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *