আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ মার্চ: দীপেন্দু বিশ্বাসকে কি প্রার্থী করছে ইজেপি? আজ সকলে এলাকায় তাঁর নামে প্রচুর পোস্টার দেখে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকায়। তাতে লেখা দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কিন্তু কারা এই পোসটার দিয়েছে তা জানা যায়নি।
বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস টিকিট না পেয়ে ইতিমধ্যে বিজেপির সদর দপ্তরে অর্থাৎ কলকাতার হেস্টিংস অফিসে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন। তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায় সহ অন্যান্য নেতৃত্বরা।

২০১৬, সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এই কেন্দ্রে জিতেছিলেন দীপেন্দু। এবার তাঁকে প্রার্থী করেনি, তার কারণ হিসেবে উঠে আসছে ২০১৭ সালে বসিরহাটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তার পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছিল।
সূত্রের খবর, সেই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য তৃণমূল নেতৃত্ব। সেই কারনে তাঁকে প্রার্থী করা হয়নি। নির্বাচনে টিকিট না পাওয়ায় বিজেপিতে যোগদান করেন দিপেন্দু।

রবিবার সকাল বেলা বসিরহাট পুরাতন বাজার এলাকার বিভিন্ন জায়গায় দীপেন্দু বিশ্বাসকে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। তাতে লেখা আছে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি। কে বা কারা এই পোস্টর মেরেছে তা এখনো পর্যন্ত জানতে পারেনি স্থানীয় বাসিন্দারা। তবে নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিল এই পোস্টার। অনেকেই মনে করছেন তবে কি দীপেন্দুকে বিজেপি বসিরহাট দক্ষিণের প্রার্থী করতে চলেছে? আপাতত বসিরহাট জুড়ে চলছে সেই জল্পনা।

