আমাদের ভারত, হাওড়া, ৩০ মে: ঘূর্ণিঝড় যসের পাশাপাশি পূর্ণিমার কোটালে বিধ্বস্ত শ্যামপুর ২ নং ব্লকের ঝুমঝুমি ভাঙা বাঁধ পরিদর্শন করলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার পূর্ব মেদিনীপুরের মায়াচরের দুর্গত এলাকা পরিদর্শনের আগে শ্যামপুরে ঝুমঝুমি এলাকায় যান সেচমন্ত্রী। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা, হাওড়া জেলা পরিষদের সদস্য নদেবাসী জানা।
গত বুধবার ঘূর্ণিঝড় যসের পাশাপাশি কোটালের জলে প্লাবিত হয়েছে শ্যামপুর ২ নং ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ব্লকের নাকোল, শশাটি, ডিহিমন্ডলঘাট ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েতের অবস্থা ভয়াবহ। ব্লক প্রশাসন সূত্রে খবর, ব্লকের ২৩ টি জায়গার নদী বাঁধ ভেঙ্গে ৪০ টি গ্রাম প্লাবিত। ক্ষতির কবলে লক্ষাধিক মানুষ। বাড়িঘর রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ার পাশাপাশি জমির ফসল, পানের বোরোজ ও পুকুরের মাছ চাষের ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ২২ হাজার মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রশাসন সূত্রে খবর, ব্লকের ২০০ টি নলকূপ জলের তলায় চলে যাওয়ায় কয়েকটি এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।

এদিকে রবিবার বেলায় পূর্ব মেদিনীপুরের মায়াচরে যাওয়ার আগে শ্যামপুরে আসেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, যেভাবে ক্ষতি হয়েছে এটা বিরল ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুদ্ধকালীন ভিত্তিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। সোমবার দপ্তরের বিশেষজ্ঞ কমিটি এলাকা পরিদর্শন করার পর বলবেন বর্ষার আগে কিভাবে দ্রুত বাঁধ মেরামতের কাজ শেষ করা যায়।

