তিস্তা সেচ প্রকল্পের জমিজট কাটাতে শনিবার থেকে মানুষের কাছে পৌঁছবেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর: তিস্তা সেচ প্রকল্পের জমিজট মেটাতে শনিবার থেকে মানুষের কাছে পৌঁছবেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠকের পর এমনটাই জানালেন মন্ত্রী।

তিস্তা সেচ প্রকল্প একাধিক জায়গায় জমিজটের কারণে থমকে রয়েছে বলে দাবি। এ দিনের বৈঠকের মূল বিষয় ছিল নদী ভাঙ্গন প্রতিরোধ ও সেচ ব্যবস্থার উন্নতি৷ কৃষিকাজের জল পৌঁছে দিতে সেচ ব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ২০০২, ২০০৬, ২০১১, ২০১২ সালের একাধিক সেচ প্রকল্পের কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু জমিজটের কারণে সেচ প্রকল্পের কাজ থমকে রয়েছে। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানালেন মন্ত্রী। তিনি বলেন, জমিজট কাটাতে মানুষের সঙ্গে সরাসরি কথা বলবো৷ আশাকরি সমস্যার সমাধান হয়ে যাবে। শনিবার ও রবিবার বিভিন্ন জায়গায় পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলব। অন্যদিকে ভাঙ্গন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।

এদিকে বৈঠকে জলপাইগুড়ি পুরসভার তরফে মন্ত্রীকে এক গুচ্ছ দাবি তুলে ধরা হয়েছে। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “শহরের জল নিকাশি ব্যবস্থাকে উন্নত করতে করলা নদীর নাব্যতা বৃদ্ধির দাবি করা হয়েছে। গদাধর ক্যানেলের সামান্য অংশের নাব্যতা ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে। ২৫ নম্বর ওয়ার্ডের করলা বাঁধের সমস্যা তুলে ধরা হয়েছে।”

বৈঠকে ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, অনগ্রসর শ্রেণি কল‍্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক, প্রতিমন্ত্রী সেচ ও জলপথ উত্তরবঙ্গ উন্নয়ন সাবিনা ইয়াসমিন, বিধায়ক খগেশ্বর রায়, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *