সাথী দাস, পুরুলিয়া, ২৬ আগস্ট: শিক্ষকরা নিয়মিত দেরি করে আসেন বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে অভিভাবকরা বারবার বললেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে অভিভাবকরা তালা ঝুলিয়ে দেন স্কুলের গেটে। আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের সদর ১ নম্বর চক্রের হাউসিং এস্টেট প্রাইমারি স্কুলে।
অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন স্কুলের মিড ডে মিলের রান্নার মান একেবারে নিম্নমানের। স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে আরও নানান অভিযোগ তোলেন অভিভাবকরা। যদিও এদিন স্কুলে আসা শিক্ষকরা বলেছেন কোনো দিনই এমনটা হয়নি। আজকে একটু দেরি হয়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই তাঁরা নির্দিষ্ট সময়ে স্কুলে আসেন।

আবার এক শিক্ষক জানালেন, রাস্তায় ভিড় ছিল বলে আসতে দেরি হয়েছে। যদিও অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনই স্কুল খুলতে দেরি হয়, ফলে রাস্তার উপরে ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষকে বারবার বলা হলেও কোনো রকম গুরুত্ব দেয়নি তারা তাই বাধ্য হয়ে আজ তারা স্কুলে তালা লাগান।

