সাথী দাস, পুরুলিয়া, ৩০ এপ্রিল: ঝালদার তপন কান্দু খুনের তদন্তে এবার সিবিআই তলব করল বিশেষ তদন্তকারি দল (সিট)র আইও (ইনভেস্টিগেশন অফিসার)কে। ডিএসপি হেড কোয়ার্টার অরুণাভ দাস তপন খুনের ঘটনায় রাজ্য পুলিশের ৬ সদস্যের দলের সিটের আইও ছিলেন। আজ ঝালদার সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয় তাঁকে। সেই মতো দুপুর সোয়া বারোটা নাগাদ সেখানে হাজির হন তিনি। জিজ্ঞাসাবাদের পর দেড়টা নাগাদ বেরিয়ে যান ওই পুলিশ আধিকারিক।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে আইসি সঞ্জীব ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না? হলে তার রেকর্ড রয়েছে কি না? এছাড়া সিটের তদন্ত প্রভাবিত হয়েছিল কি না তা আইও-কে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।

প্রসঙ্গত, ১৩ মার্চ কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। তার এক দিন পরই রাজ্য পুলিশের পক্ষ থেকে ওই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়। সিটের ছয় সদস্যের দলে নেতৃত্ব দেন ওই ডিএসপি (হেড কোয়ার্টার)। তাঁর নেতৃত্বেই তদন্ত চলে। তার মধ্যেই ঝালদা থানার ওসি তথা আইসি সঞ্জীব ঘোষকে ক্লিন চিট দেন জেলা পুলিশ সুপার। মূলত এই বিষয়গুলি আজ সিবিআই তদন্ত চালাচ্ছে।

