পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: খড়্গপুরে মাল্টি ডিসপেনসারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট সেন্টারে কমিশনার অব রেলওয়ে সেফটি সাউথ ইস্টার্ন সার্কেলের এএম চৌধুরীর তত্ত্বাবধানে একটি টিম তদন্ত শুরু করল বাহানাগা স্টেশনের ট্রেন দুর্ঘটনার। এখানে মূলত ওই এলাকার প্রত্যক্ষদর্শীদের ডাকা হয়েছে।
পাশাপাশি দুর্ঘটনার সময়ে ওই এলাকায় যে সমস্ত রেল কর্মীরা কর্তব্যরত ছিলেন সেই সমস্ত কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য এখানে ডাকা হয়েছে। পাশাপাশি এটুকু জানা যাচ্ছে, ওই সময়কার বিভিন্ন নথিপত্র চাওয়া হয়েছে আর সেই সমস্ত নথিপত্র নিয়েও রেল কর্মীরা খড়্গপুরে হাজির হয়েছেন সিএসআর এর সম্মুখে। রেল সূত্রে যেটুকু জানা গেছে, আজ এবং আগামীকাল দুদিন ধরে এই জিজ্ঞাসাবাদ চলবে।
প্রথম পর্যায়ের জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহের পরেই সিআরএস আনন্দ এম চৌধুরী জানান, তদন্তে নেমে সিগন্যালিং সিস্টেম, ইন্টারলকিং সিস্টেম সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার স্থল থেকেই ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নমুনা। আরো দিন তিনেক ধরে চলবে এই তদন্ত প্রক্রিয়া। তদন্ত শেষে রেল বোর্ডের কাছে জমা দেওয়া হবে রিপোর্ট। ইতিমধ্যেই ৫ থেকে ৬ জন রেল কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রত্যক্ষ দর্শী সাধারণ মানুষের সাথেও তারা কথা বলতে চান বলেও জানিয়েছে।
উল্লেখ্য, বাহানাগা ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিআরএস জানিয়েছেন, এই তদন্তের সাথেই চলবে সিবিআই তদন্ত। লাঞ্চের পর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের জিজ্ঞাসাবাদ। আজ ২৫ জন রেল কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানাগেছে রেল সূত্রে।

