বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, প্রেসিডেন্সিতে আলোচনা সভা

আমাদের ভারত, কলকাতা, ১২ এপ্রিল: বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির উদ্যোগে চারদিনের ফিল্ম ফেস্টিভ্যালের ছিল তৃতীয় দিন। আজকের দিনটি উৎসর্গ করা হয়েছিল বাংলাদেশকে।

এই দিন একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনার বিষয় ছিল বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রপরিচালক, সাংবাদিক শাহরিয়ার কবির, কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার, আন্দালিব ইলিয়াস, বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব রঞ্জন সেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানের শুরু হয় শাহরিয়ার কবির পরিচালিত ‘ভয়েস অফ কনসাইন্স’ একটি ডকুমেন্টারি দিয়ে। যার মুখ্য বিষয় ছিল ১৯৭১ সালে গণহত্যা নিয়ে শোভন সমাজ এবং তৎকালীন বিভিন্ন আধিকারিকদের মতামত। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সবসময় বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছেন। এদিন অনুষ্ঠানের শেষে আলোচনায় আন্দালিব ইলিয়াস বলেছেন, “একটি আন্তর্জাতিক চক্রান্তের জন্য আজও আমরা গণহত্যার স্বীকৃতি পাইনি। তবে সত্যকে চেপে রাখা যায় না। আমাদের এই নিয়ে অনেক আলোচনার প্রয়োজন। আমরা বিশ্বাস করি যদি বৈশ্বিক চাপ তৈরী করতে পারি, তাহলে এই চক্রান্তের বিরুদ্ধে নিশ্চিত জয় আমাদের হবে।”

শাহরিয়ার কবির বলেন, “যতদিন পাকিস্তান এই গণহত্যার জন্য ক্ষমা না চাইবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। আমরা চাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মত, সারা ভারতে যদি এই রকম আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ওঠে, আশা করি, আমরা খুব তাড়াতাড়ি স্বীকৃতি লাভ করব। কারণ ভারতের সাধারণ মানুষ আমাদের ’৭১ এ তাদের হৃদয়ে স্থান দিয়েছে। আগামী দিনেও আমাদের পাশে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *