আন্তর্জাতিক মানের পানীয় জল পরীক্ষা কেন্দ্রে গ্রাহক পরিষেবা চালু হল পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১১ জানুয়ারি: আন্তর্জাতিক মানের পানীয় জল পরীক্ষা কেন্দ্রে গ্রাহক পরিষেবা চালু হল পুরুলিয়ায়। জন স্বাস্থ্য কারিগরি বিভাগের ব্যবস্থাপনায় গড়ে তোলা হয়েছে এই গ্রাহক পরিষেবা কেন্দ্রটি। সাধারণ মানুষ এখানে পানীয় জলের পরিশ্রুত উপাদানের সঠিক অনুপাত ও গুণগত মান যাচাই করতে পারবেন স্বল্প খরচে।

আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত পুরুলিয়ার পানীয় জল পরীক্ষাগার কেন্দ্রে এই পরিষেবা কেন্দ্রটি গড়া হয়েছে। জন স্বাস্থ্য কারিগরি বিভাগের এই জল পরীক্ষা কেন্দ্র ছাড়াও জেলার আরও ১৬ টি কেন্দ্র জাতীয় স্তরের স্বীকৃতি পেয়েছে। রাজ্যের মধ্যে পুরুলিয়া জেলায় সব থেকে বেশি সংখ্যক এই কেন্দ্র গড়ে উঠেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষেত্রে জন স্বাস্থ্য কারিগরি বিভাগের সরবরাহ করা নল বাহিত পানীয় জল পরীক্ষাগারগুলিতে নিয়মিত পরীক্ষা হয়ে থাকে। পুরুলিয়ার জল পরীক্ষাগার কেন্দ্রটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় এই কেন্দ্র দ্বারা গ্রাহক পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে গেল বলে দাবি দফতরীয় আধিকারিকদের।

দফতরীয় সহকারি বস্তুকার অরিজিৎ আচার্য বলেন, “আমরা দেখেছি পুরুলিয়া জেলায় জলে ক্লোরাইড রয়েছে। আয়রনের পরিমাণও উল্লেখযোগ্য ভাবে বেশি। গ্রীষ্মে এটা আরও বেশি তারতম্য ঘটে। ফলে প্রয়োজন সঠিক পরীক্ষার। উপযুক্ত পানীয় জল পরীক্ষা করে ব্যবহার করতে এই আন্তর্জাতিক মানের পরীক্ষা কেন্দ্র থেকে গ্রাহক পরিষেবা পাবেন সবাই।”

পুরুলিয়া বিভাগের নির্বাহী ইঞ্জিনিয়ার সুপ্রিয় চক্রবর্তী বলেন, “১১ ধরনের পরীক্ষার স্থিতিমাপ এইখানে হচ্ছে। জলের গুণগত মান যাচাই এবং সতর্কতা অবলম্বন করতে পারবেন সাধারণ মানুষ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *