পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ অক্টোবর: জেলার দৈনিক সংবাদপত্র “উপত্যকা”র উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি ভবনে শনিবার থেকে দু’ দিনের আন্তর্জাতিক কবিতা উৎসব শুরু হয়েছে। প্রদীপ জ্বালিয়ে বিদ্যাসাগর ও সর্বপল্লী রাধাকৃষ্ণ মেননের প্রতিকৃতিতে মাল্যদান করে উৎসবের সূচনা করেন বাংলাদেশের প্রখ্যাত কবি আমিনুর রহমান। ছিলেন কবি বিপ্লব মাঝি এবং দৈনিক উপত্যকা পত্রিকার সম্পাদক তাপস মাইতি সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কবিরা। বাংলাদেশের কবি-সহ তিন জেলার কবিরা কবিতা পাঠ করেন।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কবি আমিনুর রহমানের হাত দিয়ে মেদিনীপুরের গ্রামের কথা এবং শারদিয়া উপত্যকা সহ অন্যান্য সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে উপস্থিত কবিদের বেশ কিছু উপহার দেওয়া হয়। উৎসব প্রাঙ্গনে পট ও পাথর শিল্প সহ বিভিন্ন রকমের হস্তশিল্পের প্রদর্শনী স্টল দেওয়া হয়েছে। উৎসবের দুদিন রাতের বেলায় নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। রবিবার সকাল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক আলোচনা হবে বলে উদ্যোক্তা তাপস মাইতি জানিয়েছেন।

