বিনপুর বিধানসভা এলাকায় পালিত হল আন্তর্জাতিক মৎস্যজীবী দিবস

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ নভেম্বর: রবিবার বিনপুর বিধানসভা এলাকায় পালিত হয়েছে বিশ্ব মৎস্যজীবী দিবস। মৎস্যজীবীদের একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্থায়ী মৎস্য নীতি অনুশীলন ও সামাজিক ন্যায়ের জন্য নিজেদের নিয়োজিত করার লক্ষ্যে ১৯৯৭ সালের ২১ নভেম্বর ৩২ টি দেশের ক্ষুদ্র ও চিরাচরিত মৎস্যজীবী সহ মৎস্য কর্মী প্রতিনিধিরা প্রথমবার নতুন দিল্লিতে জমায়েত হয়েছিলেন। ফাদার টমাস কোচারি ও হরেকৃষ্ণ দেবনাথের নেতৃত্বে ক্ষুদ্রায়তন মৎস্যজীবীদের সেই ঐতিহাসিক সমাবেশ হয়েছিল। তারপর থেকে পৃথিবী জুড়ে একুশে নভেম্বর প্রতি বছর বিশ্ব মৎস্য দিবস পালিত হয়ে আসছে।

২০১৭ সাল থেকে জঙ্গলমহল মৎস্যজীবী ফোরাম ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন ব্লকে মৎস্যজীবীদের তিনটি দাবিতে কাজ করে চলেছে। দাবিগুলি হল, জাতি বর্ণ নির্বিশেষে মৎস্যজীবীদের পরিচয় পত্র দেওয়া, নদী দহ রিজার্ভার সহ সরকারি জলাশয়গুলিতে যে সমস্ত ক্ষুদ্র মৎস্যজীবীরা পরম্পরাগত ভাবে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন সেখানে সরকারিভাবে মৎস্যজীবী সমবায় গঠন করে মৎস্য উৎপাদন ও গোষ্ঠী গঠন করা এবং সরকারি সমস্ত জলাশয় অবিলম্বে সংস্কার করে পর্যাপ্ত পরিমাণ মাছের চারা ছাড়া।

এই দাবিগুলির ভিত্তিতে বিনপুর ২ নম্বর ব্লকের জয়পুর ফরেস্ট বাঁধ, শিলদা রাজার বাঁধ, জামবনি ব্লকের লালবাঁধ অঞ্চলের ভোড়বনি বাঁধ এবং গিধনি অঞ্চলের খেড়াজোড়া পানির বাঁধের পাড়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পতাকা উত্তোলন করে দাবি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। আগামীকাল সোমবার জামবনি ব্লক অফিসে দাবি সনদ জমা দেওয়া হবে বলে জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের সভাপতি যতীন্দ্র নাথ মাহাতো জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *