Conference, Midnapur, সুস্থ জীবনের দিশা সন্ধানে মেদিনীপুরে আন্তর্জাতিক সম্মেলন, আলোচনায় দেশ-বিদেশের বিশেষজ্ঞরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: আধুনিক যুগের ক্রমবর্ধমান শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মোকাবিলা এবং এক সুস্থ জীবনশৈলী গড়ে তোলার লক্ষ্যে মেদিনীপুর কলেজে (স্বশাসিত) শুরু হলো এক আন্তর্জাতিক মানের সম্মেলন। কলেজের ফিজিওলজি, যোগা, ফিজিক্যাল এডুকেশন এবং নিউট্রিশন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘লাইফস্টাইল ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ ইন দ্য মডার্ন এরা’ শীর্ষক এই সম্মেলনে যোগ দিয়েছেন দেশ-বিদেশের শতাধিক গবেষক ও শিক্ষাবিদ।

অনুষ্ঠানের সূচনা হয় এক মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। সম্মেলনের আহ্বায়ক দিলীপ কুমার ভট্টাচার্য তাঁর স্বাগত ভাষণে বলেন, “প্রযুক্তিগত উন্নতির এই যুগে আমরা অভূতপূর্ব অগ্রগতির সাক্ষী, কিন্তু একই সাথে আধুনিক জীবন আমাদের সুস্থতার সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিজ্ঞান, জীবনশৈলীর অনুশীলন এবং সামগ্রিক স্বাস্থ্য কীভাবে একটি উন্নত ভবিষ্যৎ গঠন করতে পারে, তা নিয়ে আলোচনা ও বিশ্লেষণই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।”

প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ অসিত কুমার পন্ডা। তাঁর উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “অ্যাকাডেমিক গবেষণা এবং আলোচনা সমাজের দিশা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু জ্ঞান বিনিময়ের সুযোগ করে দেয় না, বরং পড়ুয়া ও গবেষকদের নতুন চিন্তাভাবনায় উদ্বুদ্ধ করে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর রিজিওনাল অকুপেশনাল হেলথ সেন্টারের (ইস্টার্ন) অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ চন্দন কুমার প্রধান তাঁর ভাষণে কর্মক্ষেত্রের স্বাস্থ্য এবং আধুনিক জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে বিজ্ঞানসম্মত উপায়ে জীবনশৈলী নিয়ন্ত্রণের গুরুত্ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফিজিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য ডঃ সন্দীপ কুমার সিনহা ফিজিওলজি বা শারীরবিদ্যার গবেষণায় নতুন দিগন্ত এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় তার প্রয়োগ নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন কানাডার খ্যাতনামা এনথ্রোপোমেট্রিস্ট ডঃ অনুপ অধিকারী, বিদ্যাসাগার বিষ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ প্রকাশ চন্দ্র ধাড়া এবং কল্যাণীর এইএমস হাসপাতালের অতিরিক্ত অধ্যাপক ডাঃ তন্দ্রা ঘোষ। উল্লেখ্য যে ডাঃ ঘোষ গতকাল ছাত্রছাত্রীদের নিয়ে এক কর্মশালা পরিচালনা করেন।

সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল গুয়াহাটি আইআইটি-র ডিজাইন বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং স্বনামধন্য গবেষক, প্রফেসর দেবকুমার চক্রবর্তীর সূচক বক্তৃতা। ‘আর্গোনমিক্স’ বা মানবকেন্দ্রিক নকশার উপর তাঁর কাজ বিশ্বজুড়ে সমাদৃত। তাঁর বক্তব্যে কর্মক্ষেত্রের পরিবেশ এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র কীভাবে মানব শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে ডিজাইন করা যায়, সেই বিষয়ে আলোকপাত করেন, যা উপস্থিত শ্রোতাদের গভীরভাবে অনুপ্রাণিত করে।

এই দুই দিনের সম্মেলনে ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত গবেষকরা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। উল্লেখযোগ্যভাবে, অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই এই গবেষণাপত্র এবং পোস্টার উপস্থাপনার ব্যবস্থা করা হয়েছিল। বহুসংখ্যক পোস্টার প্রেজেন্টেশন এই সম্মেলনের আলোচনাকে এক নতুন মাত্রা দিয়েছে। সব মিলিয়ে, এই সম্মেলন স্বাস্থ্যকর জীবনযাপন এবং আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *