অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ জুন: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে হল একটি শোভাযাত্রা এবং মাইক প্রচার। এদিন সকালে গোপীবল্লভপুর থানার পুলিশ আধিকারিকরা থানার প্রায় শতাধিক সিভিক ভলান্টিয়ারকে নিয়ে ছাতিনাশোল বাজারে শোভাযাত্রা করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সিভিক ভলান্টিয়ারদের হাতে ছিল মাদক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক পোষ্টার এবং প্ল্যাকার্ড। কোথাও লেখা মাদকদ্রব্য বর্জন করুন তো কোথাও লেখা মাদকদ্রব্য সেবন মৃত্যুর কারণ হতে পারে। পাশাপাশি এদিন পুলিশের পক্ষ থেকে একটি মোবাইল গাড়ি বের করা হয় এদিন এলাকার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী মাইক প্রচারের জন্য।
উল্লেখ্য, দিনের পর দিন নেশাদ্রব্য সেবনের লোক সমাজে বৃদ্ধির কারণে পরিবারগুলোতে বৃদ্ধি পাচ্ছে পারিবারিক অশান্তি। পাশাপাশি সমাজে বাড়ছে নানা ধরনের অনৈতিক কার্যকলাপ। নেশার কারণে প্রতি বছর বহু মানুষ সারা বিশ্বে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।এহেন পরিস্থিতিতে মাদক দ্রব্য সেবন মানুষের মধ্যে কমাতে রাষ্ট্রসংঘের তরফ থেকে ২৬ জুন তারিখটিকে মাদক বিরোধী দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই এদিন গোপীবল্লভপুর থানার উদ্যোগে এই মাদক বিরোধী শোভাযাত্রা বলে জানাগেছে।

