মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে গ্রাম কমিটির নামে লিফলেট বিলি’কে কেন্দ্র করে চাঞ্চল্য মহিষাদলে, গ্রেফতার ৫

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ এপ্রিল: মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে বিতর্কের মুখে গ্রাম কমিটি। সমস্ত কাজকর্ম গ্রাম কমিটিকে জানিয়ে করতে হবে এই ধরনের ফতোয়া জারি করে লিফলেট বিলি করাকে কেন্দ্র করে উত্তপ্ত মহিষাদলের চক দ্বারিবেড়িয়া। এই ঘটনার জেরে পাঁচজনকে গ্রেপ্তার করল মহিষাদল থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চক- দ্বারিবেড়িয়া গ্রামে গ্রাম কমিটির নামে ফতোয়া ছাপিয়ে বিলি করাকে কেন্দ্র করে বিতর্ক জমে উঠেছে। গ্রামে কারো কোনো সমস্যা হলে থানায় যাওয়া চলবে না, জানাতে হবে গ্রাম কমিটিকে। বাড়িতে কোনো মাঙ্গলিক কিংবা পারলৌকিক কাজ করতে গেলে বসতে হবে গ্রাম কমিটিকে নিয়ে। গ্রামের কোনো ছেলে বিয়ে করে বউ নিয়ে গ্রামে ফিরলে অথবা গ্রামের মেয়ে বাড়ি ছেড়ে চলে গেলে, গ্রাম কমিটির ধার্য চাঁদার নামে জরিমানা দিতে হবে। মহিষাদলের চকদ্বারিবেড়িয়া গ্রামে গ্রাম কমিটির একগুচ্ছ ফতোয়া ঘিরে বিতর্ক। আর এই ফতোয়া রীতিমতো ছাপিয়ে বিলি করা হয়েছে বাড়ি বাড়ি। এমনকি গ্রামের বাড়ির দেওয়ালেও নোটিশ আকারে সেগুলি লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন ওই গ্রামের বাসিন্দাদের একাংশ। তাদের বক্তব্য, গ্রাম কমিটির নামে দেওয়া এই ধরনের ফতোয়া আসলে তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।

অন্যদিকে এই ফতোয়া লিফলেট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, গ্রাম কমিটির নামে তৃণমূল নেতারা এই ধরনের লিফলেট বিলি করে পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীদের ভয় দেখিয়ে নিজেদের বসে রাখতে চাইছে। ঘটনার নিন্দা করে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। ঘটনার অভিযোগ পেয়ে মহিষাদল থানার পুলিশ আজ সন্ধ্যায় গ্রামের মাতব্বরদের গ্রেপ্তার করেছে। আগামীকাল তাদের হলদিয়া আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *