আমাদের ভারত, হুগলি, ১৫ মার্চ: হুগলির সিঙ্গুরে বাণী সংঘ সিংহ ক্লাবে অনুষ্ঠিত হলো ইন্টার ক্লাব জিমনাস্টিক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১১৫ জন খুদে প্রতিযোগী। ছোটদের প্রতিভা তুলে ধরতেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
বর্তমানে ক্লাবের হেড কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন ন্যাশনাল জিমনাস্ট, ন্যাশনাল জাজ এবং বেঙ্গল টিমের কোচ প্রলয় প্রামাণিক। পাশাপাশি তিনি গোবিন্দপুর পূর্ণচন্দ্র বিদ্যায়তন স্কুলের শিক্ষক হিসেবেও কর্মরত।
প্রলয় প্রামাণিক জানান, কিছু মাস আগে তিনি এই ক্লাবের দায়িত্ব পেয়েছেন। সেই সময় থেকেই তাঁর লক্ষ্য ছিল এই ক্লাব থেকে নতুন প্রতিভা তুলে আনা এবং জিমনাস্টিকের মাধ্যমে বাচ্চাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা।
তিনি আরও বলেন, এই ক্লাবে ইতিমধ্যেই কিছু ন্যাশনাল জিমনাস্ট এবং ন্যাশনাল হোল্ডার রয়েছে। তাঁদের আরও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়েই কাজ চলছে।
এদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া খুদে প্রতিযোগীদের দক্ষতা দেখেই ভবিষ্যতের জিমনাস্ট খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
একই সঙ্গে বর্তমান প্রজন্মের বাচ্চাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তাও দেন প্রলয় প্রামাণিক। তাঁর কথায়, মোবাইল ফোনে অতিরিক্ত সময় নষ্ট না করে প্রতিদিন অন্তত এক ঘণ্টা মাঠে এসে শরীরচর্চা করা প্রয়োজন।
কারণ খেলাধুলা ও জিমনাস্টিকের মতো শারীরিক কর্মকাণ্ড শুধু শরীরকে সুস্থ রাখে না, ভবিষ্যৎ প্রজন্মকে আরও শক্তিশালী ও উন্নত করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

