পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: ১৫ নং কুশবাশন অঞ্চলের গণুয়া কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগে অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা রানী মাইতি। পুজো অর্চনার মাধ্যমে এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি দিনটি শুরু করেন এবং পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন।

“যে লড়ছে সবার ডাকে, সেই বাঁচাবে বাংলা মাকে”—এই স্লোগানকে সামনে রেখেই প্রচারে নেমেছেন তিনি। জননেত্রীর আশীর্বাদ মাথায় নিয়ে নিরলস প্রচেষ্টায় সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলাকে উন্নয়নের নিরিখে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিভা দেবী। পাশাপাশি নারায়নগড়ের মানুষের পাশে থেকে আরও বেশি করে সেবা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিন তাঁর প্রচারে স্পষ্ট হয়ে ওঠে এক আন্তরিক, মানবিক মুখ। এলাকার মানুষ তাঁকে কেউ দিদি, কেউ বোনের মতো করে আপন করে নেন। সেই আপন সম্পর্কের টানেই তিনি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার। মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি জনতা জনার্দনের আশীর্বাদ প্রার্থনা করেন।

তৃণমূল কংগ্রেসের তরফে “কাজের মানুষ, কাছের মানুষ” হিসেবেই তুলে ধরা হচ্ছে প্রতিভা মাইতিকে। দলীয় সূত্রে জানা যায়, উন্নয়ন ও মানুষের সঙ্গে সরাসরি সংযোগ, এই দুইকেই হাতিয়ার করে তিনি নারায়নগড়ে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে চলেছেন।


