অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল ঘিরে কাঁকিনাড়ায় উন্মাদনা তুঙ্গে, বে-আইনি অস্ত্র হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশ কমিশনার

আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ এপ্রিল: আজ সারা দেশের পাশাপাশি ভাটপাড়া ও কাঁকিনাড়ায় মহাসমারহে পালিত হল রাম নবমী উৎসব। সেই উপলক্ষ্যে একটি মিছিল অনুষ্ঠিত হয় কাঁকিনাড়ায়। রামনবমীর এই মিছিলকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। এদিন প্রকাশ্যে অস্ত্র শস্ত্র নিয়ে চললো মিছিল।

রবিবার বিকেলে রাম নবমী উপলক্ষ্যে আর্যসমাজ মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়ার বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে। এই শোভা যাত্রা রূপী মিছিলে দেখা গেল প্রচুর মানুষ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে শোভাযাত্রায় সামিল হয়েছে। তারা অস্ত্র হাতে জয় শ্রীরাম ধ্বনি তোলেন।

বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং উপস্থিত ছিলেন এদিনের এই শোভা যাত্রায়। এই মিছিল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে পুলিশ কমিশনার নিজে আসেন নিরাপত্তা ব্যবস্থা দেখতে। এই মিছিল ঘিরে যাতে কোনো গণ্ডগোল না হয় তাই বেশ কিছুদিন আগেই প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক করেন। সেই সঙ্গে বে-আইনি অস্ত্র ও বোমা উদ্ধার করা হয় জগদ্দল ও ভাটপাড়া থানা এলাকা থেকে।

তবে এই মিছিলে অস্ত্র প্রদর্শন কতটা আইনত সেই সম্পর্কে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট জানিয়ে দেন যে, অস্ত্র যদি বে-আইনি হয় তাহলে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। এদিন মনোজ ভার্মা বলেন, “ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যথেষ্ট কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জায়গায় জায়গায় পুলিশের বিশাল বিশাল টিম মোতায়েন রাখা হয়েছে। তবে মিছিলে যে অস্ত্র প্রদর্শন চলছে তার পুরো রেকর্ডিং আমাদের কাছে আছে। যদি এগুলো বেআইনি হয় তাহলে প্রশাসন এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে।”

এদিনের এই মিছিলে অর্জুন সিং ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য নেতা উত্তম অধিকারী।

আবার এদিনের এই একই মিছিলে পা মেলান তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে, অরুন সাউ। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “রাম সবার ভগবান। আজ রামের জন্মদিন সেই উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদ এই মিছিল ডেকেছে যাতে সমস্ত হিন্দুদের আমন্ত্রন জানানো হয়েছে। তাই এই মিছিলে তৃণমূল আসতেই পারে। যারা জয় শ্রীরাম বলবেন তাদের সবাইকে স্বাগত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *