আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৫ সেপ্টেম্বর: বর্ধমানের সীতাভোগ, মিহিদানার পর এবার জয়নগরের মোয়াকে সারা দেশ সহ বিশ্বের দরবারে আরও বেশি জনপ্রিয় করতে উদ্যোগী হল ভারতীয় ডাক বিভাগ। জয়নগরের সুস্বাদু কনকচূড় ধান আর নলেন গুড়ের সংমিশ্রণে তৈরি এই মিষ্টান্ন কয়েক বছর আগেই জিআই ট্যাগ পেয়েছে। এবার ভারতীয় ডাক বিভাগ এই মিষ্টিকে স্বীকৃতি দিল। বুধবার বারুইপুরে সাউথ প্রেসিডেন্সি রেঞ্জের প্রধান পোস্ট অফিসে জয়নগরের মোয়ার ছবি ও তথ্য সম্বলিত বিশেষ খাম বা স্পেশাল কভার চালু হল। সারা দেশের সব পোস্ট অফিসেই এই খাম ২০ টাকা মূল্যে পাওয়া যাবে।
এদিন ভারতীয় ডাক বিভাগের পোস্টমাষ্টার জেনেরাল নিরাজ কুমার, পশ্চিমবঙ্গ সার্কেলের জেনারেল ম্যানেজার শিকা মাথুর কুমার এই বিশেষ খামের উদ্বোধন করেন। জয়নগরের এই মিষ্টি ডাক বিভাগের স্বীকৃতি পাওয়ায় খুশি এলাকার ব্যবসায়ীরা। ডাক বিভাগের এই স্বীকৃতির ফলে শুধু রাজ্যের মধ্যে নয়, দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও এই মোয়ার চাহিদা আরও বাড়বে বলেই আশাবাদী সকলে।
ডাক বিভাগের তরফে স্পেশাল কভার পাওয়ায় এই মিষ্টির চাহিদা আরও বাড়বে ফলে ব্যবসায়ীরা লাভবান হবেন। ডাক বিভাগের আধিকারিকদের দাবি, এই মিষ্টির জিআই ট্যাগ পাওয়ার কথা দেশের প্রতিটি প্রান্তের মানুষের জানার কথা। কারণ এই মিষ্টির জন্মদাতা এই জয়নগর। সব থেকে ভালো, সুস্বাদু মিষ্টি সেখানেই মিলবে। অন্য অনেকেই তাঁদের তৈরি মিষ্টিকে আসল জয়নগরের মোয়া বলে যাতে দাবি না করতে পারেন সে কারণেও এই উদ্যোগ নেওয়া হয়েছে ডাক বিভাগের তরফে। পাশাপাশি ডাক বিভাগের হাত ধরেই এই মোয়া জয়নগর থেকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও মিষ্টি প্রেমিদের হাটে পৌঁছে যাবে।
নিরজ কুমার বলেন, “জয়নগরের মোয়া একটি অসাধারণ মিষ্টি। কিন্তু একে বাংলার বাইরে সেভাবে কেউ জানে না। এটি যখন জিআই ট্যাগ পেয়েছে তাহলে আমাদেরও দায়িত্ব আছে এটিকে দেশ তথা বিদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার। সেই কারণেই এই উদ্যোগ আমরা নিয়েছি। এর আগে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানাকেও স্পেশাল কভার পেজ করা হয়েছে সেগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য।”
ডাক বিভাগের রিজিওনাল ইনচার্জ সন্দীপ সাহা বলেন, “এই মোয়ার সুখ্যাতি যাতে দেশে বিদেশে আরও ছড়িয়ে পড়ে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জয়নগরের আসল মোয়া প্রস্তুতকারকদের ব্যবসা আরও বাড়বে।” ডাক বিভাগের এই উদ্যোগে খুশি মোয়া প্রস্তুতকারকরা। জয়নগরের মোয়া নির্মাণকারী সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অরুন কুমার মণ্ডল বলেন, “আমরা মোয়া প্রস্তুতকারকরা ডাক বিভাগের কাছে কৃতজ্ঞ। ওনাদের উদ্যোগে আজ এই সম্মান পেল আমাদের জয়নগরের মোয়া।”

