বনগাঁয় বৃদ্ধা মায়ের উপর অমানবিক অত্যাচার, অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ এপ্রিল: ৬৫ বছরের বৃদ্ধা অসুস্থ মাকে ঘর বন্দি করে রেখে খেতে দেয় না ছেলে। এমনকি মায়ের অসুস্থতার খবরও নেয় না। অসুস্থ হয়ে শুয়ে থাকতে থাকতে গায়ে হয়েছে মারণরোগ, তবুও হুঁশ নেই ছেলে ও বৌমার। ছেলে পাশের ঘরে সুখে দিন যাপন করছে। আর পাশের ঘরে মা অবহেলায় একা একা পড়ে রয়েছে। মায়ের উপর এমনই অত্যাচার করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অসুস্থ মায়ের খবর পেয়ে মাকে দেখতে আসে ছোট মেয়ে। জানতে পারে মাকে হাসপাতালে ভর্তি করে চলে এসেছে দাদা, মায়ের কোনো খোঁজ নেয়নি। এরপর বাড়ি ফিরে দাদা বৌদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বৃদ্ধার বোন স্বপ্না দেবনাথ।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কুড়ির মাঠ এলাকায়৷ স্বপ্না দেবীর অভিযোগ, সম্পত্তির ভাগ না দেওয়ায় বৃদ্ধা মাকে খেতে পড়তে দিত না ছেলে রাম চন্দ্র নাথ। অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করতো না। অসুস্থ মায়ের ঘরে আলোর ব্যবস্থাও করেনি ছেলে। অভিযুক্ত ছেলের নাম রাম চন্দ্র নাথ। পেশায় গাড়ি চালক। বৃদ্ধার নাম পূর্ণিমা নাথ। বৃদ্ধার দুই মেয়ে বিবাহিত। দিন কয়েক আগে বৃদ্ধা পূর্ণিমা নাথ গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছে, দুই মেয়ের বিয়ে হয়েছে অনেক দূরে। একমাত্র ছেলে রাম। বাড়ির জমি ছেলেকে লিখে না দেওয়ায় ছেলে মায়ের খোঁজ নেয় না। এমনকি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও দেখার কেউ নেই। প্রতিবেশীরা দিলে খাওয়া জোটে। এমন ছেলের শাস্তির দাবি করেছে প্রতিবেশীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *