স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৮ মার্চ: ”একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবে এরাজ্য থেকে বিজেপিকে দূর করতে, তাই মমতা ব্যান্যার্জির হাত শক্ত করতে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ইটাহারের প্রভাবশালী কংগ্রেস নেতা আবদুস সাত্তার সহ প্রায় ৬ হাজার কংগ্রেস কর্মী। ইটাহার বিধানসভার দুর্লভপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের এক সভায় ইটাহার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেনের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন কংগ্রেস নেতা কর্মীরা। কংগ্রেস নেতা কর্মীদের তৃণমূলে যোগদানের ফলে ইটাহার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয়লাভ একপ্রকার নিশ্চিত বলে অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
আগামী ২২ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা কেন্দ্রেই ভোট গ্রহন। ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপি ও বাম-কংগ্রেস জোট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক বাড়ছে উত্তর দিনাজপুর জেলাতে। জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তর দিনাজপুর জেলাপরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মুশাররফ হোসেন। তরুন তুর্কি এই তৃণমূল নেতাকে সমর্থন করতে দলে দলে ড়িড় করছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

এদিন ইটাহারের দুর্লভপুর অঞ্চলে জেলা কংগ্রেস নেতা আবদুস সাত্তারের নেতৃত্বে ছয় হাজার কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দলত্যাগী কংগ্রেস নেতা আবদুস সাত্তার বলেন, কংগ্রেসে থেকে সাধারন মানুষের উন্নয়নে কোনও কাজ করতে পারছি না তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ইটাহার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেনকে সমর্থন করছি। তৃণমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেন জানিয়েছেন, দিদির আদর্শে অনুপ্রানিত হয়ে তাঁকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে ইটাহারে কংগ্রেস ছেড়ে কয়েক হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দলে তাদের স্বাগত।

