সিঙ্গুরে শিল্প ও কৃষি এক সঙ্গে এগিয়ে চলবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, হুগলি, ৩ জুন: সিঙ্গুর বাজেমেলিয়া সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিয়ে ১৬ সপ্তাহের ব্রত ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর পরিবারের বৌ, লতা ও কল্পনাকে সঙ্গে নিয়ে এদিন তিনি পুজো দেন। এরপর তারা সকলে মিলে ব্রত ভাঙেন। তারপর তিনি ১৬ জন বাচ্চাকে নিজে হাতে খাবার পরিবেশ করে খাওয়ান এবং কিছু উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন। এরপরই সভা মঞ্চে চলে আসেন মুখ্যমন্ত্রী।

সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি কামারকুন্ডুর রেল ওভার ব্রিজের উদ্বোধন করেন। সেখানেই মুখ্যমন্ত্রী তার বাড়ির বৌদের সিঙ্গুরবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, চুয়ান্ন কোটি টাকা খরচ হয়ে এই ওভারব্রিজটি তৈরি হয়েছে। তারমধ্যে চৌত্রিশ কোটি টাকা রাজ্য দিয়েছে। এই ব্রিজ তৈরি হওয়ায় আরামবাগ সহ একাধিক জায়গার সঙ্গে যোগাযোগ ব্যাবস্থার উন্নতি হবে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, জয়রামবাটি থেকে সড়ক পথ তৈরি হবে। যেটা উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলার মাধ্যেমে যুক্ত হবে। এই প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হবে। এরফলে বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ ব্যাবস্থার উন্নতি ঘটবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে হাজির ছিলেন, সস্ত্রীক মন্ত্রী বেচারাম মান্না, হুগলির জেলা শাসক ও পুলিশ সুপার।

সিঙ্গুরের ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুরে কৃষি এবং শিল্প একই সঙ্গে এগোচ্ছে। তিনি জানান, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কোচ ফ্যাক্টরি সহ আরও অন্যান্য ইন্ডাস্ট্রি হচ্ছে। উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটরসের কারখানার কথাও বলেন তিনি। তিনি নিজে কোচ ফ্যাক্টরি উদ্বোধন করতে আসবেন বলেও জানিয়েছেন।

তিনি আরও বলেন, ডানকুনিতে ফ্রেট করিডোরের জন্য বাজেট প্রপোজাল তিনি তৈরি করে দিয়েছিলেন। ডানকুনি থেকে বর্ধমান হয়ে ইন্ডাস্ট্রি চলবে এবং ডেডিকেটেড রেল লাইন হবে বলেও জানান তিনি। আগামী দিনে সিঙ্গুরের মাটিতে কোটি টাকার ইন্ডাস্ট্রি চলবে বলেও তিনি জানিয়েছেন। শিল্প এবং কৃষি একসঙ্গে এগিয়ে চলবে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *