ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে বিভিন্ন সংগঠনের ডাকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আমদানি রফতানি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ জানুয়ারি: অনির্দিষ্ট কালের কর্মবিরতির জেরে সোমবার থেকে আবারও বন্ধ হয়ে গেল ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য। বিএসএফ এবং বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছে পেট্রাপোল সীমান্তের বিভিন্ন সংগঠন।

অভিযোগ, তল্লাশির নামে ‘অত্যাচার’ চালাচ্ছে বিএসএফ। চালক, মালিক এবং ক্লিয়ারিং এজেন্টদের ‘নাজেহাল’ করা হচ্ছে। পাশাপাশি, বন্দর কর্তৃপক্ষও নানা ভাবে ‘জুলুম’ চালাচ্ছেন। এমনই একগুচ্ছ অভিযোগ তুলে পেট্রাপোল স্থলবন্দরে বিক্ষোভ শুরু করেছে ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বনগাঁ নব মালিক সমিতি, বনগাঁ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন, সীমান্ত পরিবহণ মালিক সমিতি, শ্রমিক সংগঠন-সহ কয়েকটি সংগঠন। যার জেরে পেট্রাপোল দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের উপর কোপ পড়েছে।

বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পালের কথায়, রবিবার রাত থেকে কোনও গাড়ি যায়নি। বিএসএফ এবং সিডব্লুসির ম্যানেজারের অত্যাচারের বিরুদ্ধে আমরা কর্মবিরতি পালন করছি। অনির্দিষ্ট কালের জন্য আমাদের আন্দোলন চলবে। আমরা আলোচনা চাই। তবে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সেই আবেদনে সাড়া দেননি। পেট্রাপোল স্থলবন্দর বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেছেন খোকন পাল।

তবে এ নিয়ে বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ সাইন বলেন, আমি ইতিমধ্যে পেট্রাপোলের সমস্ত সংগঠন ও বিএসএফ আধিকারিকদের জানিয়েছি বিষয়টি বসে মিটিয়ে ফেলে ফের বাণিজ্য চালু করার জন্য। আশাকরি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *