আতঙ্ক বাড়ল! ভারতে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্তের খোঁজ মিলল কেরলে

আমাদের ভারত, ১৪ জুলাই: ভারতে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্তের খোঁজ পাওয়া গেল কেরলে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করা হয়েছে। জানাগেছে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছিলেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ব্যক্তি মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন তিনি কিছুদিন আগেই বিদেশ থেকে ফিরেছিলেন। তারপর তার মধ্যে কিছু উপসর্গ দেখা দেয়।

মাঙ্কি পক্সের উপসর্গ নিয়ে কেরলের এক হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। বৃহস্পতিবার তার মাঙ্কি পক্স ধরা পড়েছে।

ভারতে মাঙ্কি পক্সে প্রথম আক্রান্ত কেরলের এই বাসিন্দা সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন বলে জানা গেছে। তার বয়স ৩৫ বছর। জানাগেছে, বিদেশে এক মাঙ্কি পক্স আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি। তার থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে। আপাতত আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কি পক্স ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়। তবে এই অসুখের প্রকোপ স্মল পক্সের মতো মারাত্মক নয়। গত দু’বছর ধরে করোনার প্রথম দ্বিতীয় তৃতীয় ঢেউয়ের উত্তাল হয়েছে বিশ্ব। তারপর নতুন করে এই মাঙ্কি পক্স ভয় ধরাচ্ছে। এই রোগে সারা শরীরে গোটা গোটা র‌্যাস বেরোচ্ছে। সঙ্গে অসহ্য যন্ত্রণা হচ্ছে। জল বসন্তের যে আতঙ্ক মুছে গিয়েছিল মাঙ্কি পক্স সেই আতঙ্ক আবার ফিরিয়ে আনছে। কেন্দ্র সরকার ইতিমধ্যেই মাঙ্কি পক্স সম্পর্কে রাজ্যগুলিকে সতর্ক বার্তা পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *