আমাদের ভারত, ২৩ মার্চ: বিশ্বব্যাপী মন্দার প্রভাব সেভাবে ভারতে পড়বে না। চলতি বছরেও ভারতীয়দের বেতনের পরিমাণ প্রায় ১০.২% বাড়বে বলে ইঙ্গিত মিলেছে এক সমীক্ষায়। তথ্যপ্রযুক্তি সংস্থা, ই-কমার্স ক্ষেত্রগুলিতে বেতনের পরিমাণ আরো বেশি বাড়বে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। তবে অসংগঠিত ক্ষেত্রে কর্মীরা সমস্যায় মুখে পড়বেন, কারণ মন্দার ফলে তাদের বেতন কমার সম্ভাবনা রয়েছে।
গত বছর ভারতে বেতন বৃদ্ধির পরিমাণ ছিল
১০.৪%। প্রতিবছরই ভারতে বেতন বৃদ্ধি নিয়ে একটি সমীক্ষা করে আর্নস্ট ও ইয়ং নামে দুটি পেশাদার সংস্থা। তাদের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে ভারতে বেতন বৃদ্ধির গড় পরিমাণ ১০.২%। তবে চলতি বছরে সবচেয়ে বেশি লাভবান হবেন মূলত তিনটি ক্ষেত্রের কর্মীরা।
বিশ্বব্যাপী মন্দার জেরে ভারতের আর্থিক সুরক্ষা সেভাবে ব্যাহত হবে না বলে দাবি করা হয়েছে রিপোর্টে। সমীক্ষায় আরও জানা গিয়েছে, চলতি বছরে প্রায় ১২.৫% বাড়বে ইকমার্স সংস্থার কর্মীদের বেতন। নানা সরকারি ক্ষেত্রে যারা কর্মরত তাদের বেতন ১১.৯% বাড়তে পারে। তথ্যপ্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে বেতন ১০.৮% বাড়বে বলে দাবি করা হয়েছে সমীক্ষার রিপোর্টে।
তবে ইতিমধ্যে নানা সংস্থায় ব্যাপক হারে ছাঁটাই শুরু হয়েছে। বিশেষজ্ঞের মতে আর্থিক দূরবস্থায় ক্ষতিগ্রস্ত হতে চলেছে গোটা বিশ্ব। ভারতে এই অবস্থায় ব্যাপক প্রভাব না পড়লেও কিছু সমস্যা অবশ্যই দেখা দেবে। ২০২২ সালে বেতন বৃদ্ধির হার ছিল ১০.৪ শতাংশ। কিন্তু চলতি বছরে তা কমে যাবে। সেই সঙ্গে অসংগঠিত ক্ষেত্রের কর্মী, ক্ষুদ্র উদ্যোগপতিরা, আর্থিক সমস্যায় পড়বেন।

