আমাদের ভারত, ৩১ আগস্ট: ধৈর্য ধরে লক্ষ্য স্থির রেখে যদি লাগাতার কাজ করা যায় তাহলে সাফল্য আসবেই। এমনটাই প্রমাণ করেছে ভারত। আমেরিকা, ফ্রান্স, ইউকে, জার্মানি সহ ইউরোপের বহু দেশকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেল ভারত। একটি রিপোর্ট অনুযায়ী, এটা নিশ্চিত যে ভারত আগামী দিনে বিশ্বের দ্বিতীয় সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে। রীতিমত একটি তথ্যসমৃদ্ধ রিপোর্ট পেশ করে এই ইঙ্গিত দিয়েছে আমেরিকার নামী ও বিখ্যাত সংস্থা দ্য কুসমান এন্ড ওয়েক ফিল্ড (The Cushman and Wakefield)।
আমেরিকান এই সংস্থা দাবি করেছে যে ভারত ম্যানুফ্যাকচারিং-এর ক্ষেত্রে আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে। দ্য কুসমান এন্ড ওয়েক ফিল্ড (The Cushman and Wakefield) সংস্থার রিপোর্টের ওপর বিশ্বের সমস্ত বিনিয়োগকারীদের নজর থাকে। এই সংস্থার রিপোর্টের ওপর ভিত্তি করেই বড় বড় সংস্থা তাদের নীতি নির্ধারণ করে থাকে। এই সংস্থাটির তথ্য বিশ্লেষণের পরেই গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স প্রস্তুত করে। এতে কোনও দেশের ভৌগোলিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, দুর্নীতির প্র্যাকটিস, সিস্টেম ইত্যাদি নানা প্যারামিটারে বিচার করা হয়। তারপরই আমেরিকার এই সংস্থাটি ইন্ডেক্স জারি করে। এই কারণে পুরো বিশ্বের বিনিয়োগকারীদের নজর থাকে দ্য কুসমান এন্ড ওয়েক ফিল্ড (The Cushman and Wakefield) এর রিপোর্টের উপর।
আর সেক্ষেত্রে এই সংস্থাটির প্রকাশিত রিপোর্টে আমেরিকা, জার্মানি, ফিনল্যান্ড, জাপান সহ বহু দেশকে পেছনে ফেলে দম্যানুফ্যাকচারিং হাবের জন্য চিনের পরেই ভারত সবথেকে যোগ্য স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। এর আগে প্রথম স্থানে ছিল চিন এবং দ্বিতীয় স্থানে ছিলো আমেরিকা। তবে আমেরিকা এখন পিছিয়ে পড়েছে। সেই স্থান দখল করেছে ভারত।
বিশেষজ্ঞরা মনে করছেন, চিনের প্রথম স্থানে আসার থেকেও ভালো খবর হচ্ছে ভারতে দ্বিতীয় স্থানে চলে আসা। করোনা মহামারীর সময় থেকে চিন ছেড়ে বহু সংস্থা চলে যেতে শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে বিনিয়োগ লাগাতার বেড়েছে।
আমেরিকার এই সংস্থার রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে ভারত সুপার পাওয়ার’ হিসেবে উঠে আসার সম্ভাবনা রাখে।

