আশিস মণ্ডল, বীরভূম, ১৯ নভেম্বর: ভারত আজ ফাইনালে জয়ী হবেই। মা তারার পুজো দিয়ে এবং যজ্ঞ করে এমনটাই দাবি করলেন তারাপীঠ মন্দিরের সেবাইতরা। তাদের বিশ্বাস মা তারা এবং সূর্যদেব সঙ্গে থাকলে ভারতকে কেউ হারাতে পারবে না।

একদিকে আজ ছটপুজো অর্থাৎ সূর্যদেবের পুজো। ফলে হিন্দিভাষী মানুষজন এদিন ভারতের জয়ের কামনা করে সূর্যদেবের কাছে পার্থনা করছেন। সেই সঙ্গে তারাপীঠ মন্দিরের সেবাইতরা নিজের উদ্যোগে ভারতের দলের সাফল্য কামনা করে মা তারার পুজো দিলেন। মন্দির চত্বরেই করা হল যজ্ঞ। পুজো উপলক্ষ্যে মন্দিরের সেবাইতদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ ভারতের জার্সি গায়ে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা। মন্দির থেকে বাইরে বেরনোর সময় ভারতের জয়ের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।

অনেক পুন্যার্থীও এদিন ভারতের জয়ের কামনা করে পুজো দেন। মন্দিরের সেবাইত তারকনাথ রায়, চন্দ্র শেখর রায়, শিবায় চট্টোপাধ্যায়রা বলেন, “আজ সূর্য পুজো। ফলে সূর্যদেব আমাদের নিরাশ করবেন না। পাশাপাশি আমরা মা তারার কাছে ভারতের জয়ের সংকল্প করে পুজো দিলাম। ভারত আজ জয়লাভ করবেই।”

