বুধবার সন্ধ্যায় চাঁদে পা রাখবে ভারত! অবতরণের সরাসরি সম্প্রচার ফেসবুক ইউটিউবে, সময় জানিয়ে দিল ইসরো

আমাদের ভারত, ২০ আগস্ট: চাঁদে বুড়ি চড়কা কাটে এই গল্প শুনতে শুনতেই শিশুমনে তৈরি হয় মহাকাশের ধূসর গোলক নিয়ে কৌতুহল। এখন সেই চাঁদে নামার মাহেন্দ্রক্ষণ উপস্থিত ভারতের কাছে। আমাদের দেশ ভারতবর্ষ ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে। সব যদি ঠিক থাকে তাহলে বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান ৩ নামবে বলে জানিয়ে দিল ইসরো।

রবিবার চাঁদ ছুঁতে গিয়ে রাশিয়ার স্বপ্ন চুরমার হয়েছে। চাঁদের বুকে ভেঙ্গে পড়েছে রুশ মহাকাশযান লুনা ২৫। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশের মহাকাশযান সফল অবতরণ করতে পারেনি। তাই চন্দ্র অভিযানে বুধবার ভারতীয় গবেষণায় ইসরোর কাছে অগ্নিপরীক্ষা।

চাঁদের খুব কাছাকাছি পৌঁছে গেছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। রবিবার রাশিয়ার আশাভঙ্গের খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগেই টুইট করে চন্দ্রযান ৩-এর অবতরণের সময় জানিয়েছে ইসরো।

রবিবার দুটোর পর টুইট করে ইসরো জানিয়েছে, বুধবার সন্ধ্যা ছ’টা চার মিনিটে চাঁদের মাটিতে নামবে ভারতীয় মহাকাশযান। ইসরোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবে চন্দ্রযান ৩ এর অবতরণ সরাসরি সম্প্রচার করা হবে। ফলে মাঝে মাত্র আর দুটো দিন।

চন্দ্র অভিযানে রাশিয়ার স্বপ্নভঙ্গের খবর জানার পরেই ২০১৯ সালে ভারতের চন্দ্রযান ২-এর স্মৃতি উসকে দিয়েছে। সেবার চাঁদের মাটিতে সফল অবতরণ করতে পারেনি ভারতের চন্দ্র যান। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সুক্ষ্ম পরিকল্পনা করেই এবার চাঁদে পৌঁছানোর চেষ্টা করছে ভারত। যা অনেকাংশে সফল হয়েছে। ধীরে ধীরে চাঁদের কাছে পৌঁছেছে লেন্ডার বিক্রম। মূল মহাকাশযান থেকে বিচ্ছেদের পর গতি কমিয়েছে ভারতীয় চন্দ্র যান। রবিবার দ্বিতীয় দফায় গতি কমানো হয়। পাখির পালকের মতো আলতো করে চাঁদের মাটিতে অবতরণ করানো হবে ভারতের চন্দ্রযানকে, যা সফট ল্যান্ডিং হিসেবে পরিচিত।

চাঁদের দক্ষিণ মেরুতে এই চন্দ্রযানের সফট ল্যান্ডিং যথেষ্ট চ্যালেঞ্জের। পাঁচ বছর আগে ভারত ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হয়েছে রাশিয়া। এবার অপেক্ষা বুধবারের। চন্দ্রযান ৩ সেই লক্ষ্য পূরণ করতে পারে কিনা?

গত ১৪ জুলাই চাঁদের দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। প্রায় এক মাস পর রওনা দেয় রাশিয়ার মহাকাশযান। ১০ আগস্ট চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল লুনা ২৫। জল্পনা তৈরি হয়েছিল ভারতকে টেক্কা দিয়ে ইতিহাস তৈরি করে ফেলতে পারেন রাশিয়া। কিন্তু সেই স্বপ্নভঙ্গ হয়েছে। এবার ভারতের পালা। ইতিহাস কি তৈরি হবে? অপেক্ষা করতে হবে বুধবার সন্ধ্যে ৬ টা ৪ মিনিট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *