আমাদের ভারত, ২৩ আগস্ট:
আগামী কয়েক বছরের মধ্যেই ভারতবর্ষ বিশ্বে উন্নয়নের ইঞ্জিন হয়ে উঠবে। মঙ্গলবার ব্রিকস সম্মলনের মঞ্চ থেকে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নয়নের লক্ষ্যে ভারতে যেসব আর্থিক পরিবর্তন ও প্রযুক্তিগত সিঁড়ি উঠেছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ব্রিকস বিজনেস ফোরামে মোদী বলেন, আগামী ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার শপথ নিয়েছে ভারত।
ব্রিকস বিজনেস সামিটে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিজনেস কাউন্সিলের দশম বর্ষপূর্তিতে অভিনন্দন জানান। তিনি বলেন, ব্রিকসের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে আর্থিক সহযোগিতা তৈরি করতে কাউন্সিল বিশেষ ভূমিকা পালন করেছে। গত ১০ বছরে আর্থিক সহযোগিতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছে ব্রিকস বিজনেস কাউন্সিল। ২০০৯ সালে যখন ব্রিকসের প্রথম সামিট হয়েছিল তখন বিশ্ব সবে মাত্র বিশাল একটি বড় আর্থিক সংকট থেকে বেরিয়ে আসছিল। সেই সময় বিশ্ব অর্থনীতিতে আশার আলো হয়ে উঠেছিল ব্রিকস। বর্তমান সময়েও করোনা অতিমারি সহ বিভিন্ন সমস্যা ও উদ্বেগের মাঝেও বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের সঙ্গে লড়ছে। তাই এই সময়ে ব্রিকস সদস্য দেশগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারত বর্তমানে অন্যতম দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি। খুব তাড়াতাড়ি ভারত ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে। বিশ্বের উন্নয়নের ইঞ্জিন হয়ে উঠবে ভারত।
এর কারণ হিসেবে মোদী বলেন, ভারত সংকট ও প্রতিবন্ধকতাকে আর্থিক উন্নয়নের সুযোগে পরিণত করেছে। ভারতের মানুষ শপথ নিয়েছে যে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করবে।
তিনি আরো বলেন জিএসটির সূচনা বিনিয়োগকারীদের বিশেষ আত্মবিশ্বাস জুগিয়েছে। জনসেবা প্রদান ও সুশাসন কে ভারত সরকার বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছে।

