Nupur Sharma “ভারতের উচিত নূপুরের পাশে দাঁড়ানো”, বললেন ডাচ রাজনীতিবিদ

আমাদের ভারত, ৮ জুন: বিশ্বজুড়ে একাধিক ইসলামিক দেশ কড়া সমালোচনা করেছে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের। দেশের ভিতরেও একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। কিন্তু এবার একেবারে উল্টো পথে গিয়ে বিজেপি নেত্রীর বক্তব্যকে সমর্থন করলেন বিদেশের এক রাজনীতিবিদ। নূপুরের বক্তব্যকে সমর্থন করে একটি টুইট করেছেন ডাচ রাজনীতিবিদ এবং নেদারল্যান্ডসের আইনসভার সদস্য গ্রিট উইল্ডার্স। সেখানে তিনি আরব দেশগুলিরও কড়া সমালোচনার করেছেন।

টুইটে গ্রিট দাবি করেছেন, ঠিক তথ্য দিয়েছেন নুপুর শর্মা। ভারতের উচিত তার সমর্থনেই দাঁড়ানো। ভারতের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তার মতে ভারতীয়দের উচিত নূপুরের পাশে দাঁড়ানো।

নূপুর শর্মার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে একাধিক আরব দেশ। তার বিরুদ্ধেও সরব হয়েছেন নেদারল্যান্ডসের এই রাজনীতিবিদ। টুইটে তিনি বলেছেন, “মুসলিম দেশগুলোতে কোনো গণতন্ত্র নেই, সেখানে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়, অসম্মান করা হয় সেরকম আর কোথাও হয় না।” এমনই অভিযোগ তার। গ্রিটের কথায় “ওদেরই সমালোচনা করা উচিত।”

মুসলিম বিশ্বের একাধিক দেশ থেকে নুপুরের মন্তব্যের বিরুদ্ধে প্রবল সমালোচনা করা হয়েছে। কুয়েতের একটি শপিংমলে ভারতীয় পণ্য বয়কট করার ডাক দেওয়া হয়েছে। বেশ কিছু দেশের সরকারি তরফেও বিবৃতি জারি করা হয়েছে।অন্যদিকে ভারত সরকারের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, এই মন্তব্য ভারত সরকার সমর্থন করে না। ভারত সরকারের ধ্যান-ধারণা এই উক্তির পরিপন্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *