আমাদের ভারত, ২৩ আগস্ট: চাঁদে ভারতের সফল অবতরণ চন্দ্রযান তিনের। ইতিহাসের সাক্ষী সারা দেশ। শেষ পর্যন্ত ২৩ আগস্ট বুধবার চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করে ইতিহাস গড়েছে ভারত। ইসরোর চন্দ্রযান-৩ পূর্ব নির্ধারিত কথামতোই সন্ধ্যে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে। এক কথায় চাঁদ এখন ভারতের হাতের মুঠোয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে পা রাখল ভারত।
দীর্ঘ ৪০ দিনের অপেক্ষার অবসান। পৃথিবী থেকে চাঁদে ৩.৮৪ লক্ষ কিলোমিটার যাত্রা শুরু করেছিল চন্দ্রযান। তা শেষ হলো বিক্রমের সফলভাবে চাঁদের মাটিতে অবতরণের মাধ্যমে। রাশিয়া, আমেরিকা, চীনের পর চাঁদের সফট ল্যান্ডিং করা দেশ ভারত। তবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা বিশ্বের প্রথম দেশ ভারত।
গত ১৪ জুলাই থেকে দেশবাসী যে স্বপ্ন আস্তে আস্তে বুনতে শুরু করেছিল তা আজ খুশির বাঁধভাঙ্গা আনন্দে সফল হলো। দেশজুড়ে উদযাপন হচ্ছে ভারতের এই সফলতা।
প্রথমেই টুইট করে জানিয়ে দেয় চন্দ্রযান ৩ মিশনের সফলতা ঘোষণা করে ইসরো।দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে ইসরো।
ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এরকম ইতিহাস তৈরি হতে দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়। চাঁদের মাটিতে ভারত পা রেখেছে এরকম ঐতিহাসিক ঘটনা দেশের চিরদিনের প্রেরনা হয়ে থেকে যাবে। এই মুহূর্ত অবিস্মরণীয় অভূতপূর্ব। এটা গর্বের যে
গোটা দুনিয়া আজ আমাদের দিকে তাকিয়ে ছিল।
বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে চন্দ্রযান ৩। ইসরোর প্রধান সোমনাথ চাঁদে চন্দ্রযান ৩-র সফট ল্যান্ডিং নিয়ে বললেন, এই মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে চন্দ্রযান তিন।

