আমাদের ভারত, ৩ নভেম্বর:
যে কোনো সময় আচমকা হামলা হতে পারে। তার জন্য সার্বিকভাবে তৈরি থাকতে হবে ভারতীয় সেনাকে। এই রকমই বার্তা দিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইজরাইলের ওপর হামাসের হামলার পরেই সমস্ত সেনাকর্তাদের এই বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। জঙ্গি গোষ্ঠী হামাসের ধাঁচে ভারতের মাটিতেও হামলা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেদিকে নজর রেখেই সীমান্ত এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র, ড্রোন কিনেছে ভারতীয় সেনা।
৭ অক্টোবর ইজরাইলের ওপর আচমকা হামলা চালায় হামাস জঙ্গিরা। সূত্রের খবর, তারপরেই এই হামলা নিয়ে আলোচনায় বসেন কয়েকটি সশস্ত্র বিভাগের প্রধানরা। গোয়েন্দা বিভাগ ও বিদেশ মন্ত্রকের আধিকারিকরাও ছিলেন সেই বৈঠকে। তারপরই সেনাকে বিশেষ বার্তা দেন প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিং বলেন, সবচেয়ে অপ্রত্যাশিত আক্রমণের জন্যেও তৈরি থাকতে হবে। তারপর থেকে বেশ কয়েক হাজার কোটি টাকা খরচ করে ড্রোন সহ একাধিক অস্ত্র কিনেছে ভারত।
কাশ্মীর সীমান্তের পাশাপাশি জলপথে জঙ্গিদের অনুপ্রবেশ আটকানোর জন্য কড়া নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছে নৌসেনা। পাক অধিকৃত কাশ্মীর থেকে কোনোমতেই যাতে জঙ্গিদের অনুপ্রবেশ না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে সেনা।
সীমানা পেরিয়ে আচমকা ইজরাইলে ব্যাপক হামলা চালিয়েছে হামাস জঙ্গিরা। ভারতের সীমান্ত পেরিয়ে একই ধাঁচের হামলা যাতে না হয় তার জন্য আগে থেকেই সতর্ক করা হয়েছে সেনাকে। অন্যদিকে ইজরাইল হামাসের দ্বন্দ্বের দিকেও নজর রাখছে ভারত।
কূটনীতিকদের অনুমান, ইজরাইল- হামাসের সংঘর্ষ খুব তাড়াতাড়ি থামবে না। হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তবেই হয়তো ইজরাইল থামবে।
অন্যদিকে ইরানও যুদ্ধে সামিল হতে পারে বলে আশঙ্কা। এরই মধ্যে হামাসের মতো জঙ্গি হামলা থেকে শিক্ষা নিয়ে দেশের নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকছে ভারত।

