ভারত কখনোই চিনকে জমি ছেড়ে দেয়নি, রাহুল গান্ধীকে জবাব কেন্দ্রীয় সরকারের

আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি:চিনের সঙ্গে চুক্তি করার জন্য ভারতকে জমি ছাড়তে হয়নি, বরং চুক্তিতে বলা হয়েছে লাইন অব অ্যকচুয়াল কন্ট্রোল মেনে চলতে হবে। একতরফা ভাবে সীমারেখা পাল্টে দেওয়া যাবে না। কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী সমালোচনার জবাবে শুক্রবার একথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

প্রতিরক্ষা মন্ত্রক থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে “ইতিমধ্যেই রাজনাথ সিং যে বক্তব্য পেশ করেছেন তা থেকে স্পষ্ট যে চিনের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিরোধ নিয়ে কথা হয়েছে। হট স্প্রিং, গোগ্রা এবং দেপসাং নিয়ে দুই পক্ষের মত বিনিময় হয়েছে। প্যাংগং সো হ্রদ এলাকা থেকে উভয় দেশের সেনা সরিয়ে আনার পরে আবারও এক দফা আলোচনা হবে।”

কিন্তু রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন, ‘কিসের ভিত্তিতে ভারতের সঙ্গে চিনের চুক্তি হয়েছে? তার অভিযোগ চিনকে জমি ছেড়ে দিয়েছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী সংসদের দুই কক্ষে এলএসসি নিয়ে বিবৃতি দিয়েছেন। তারপর জানা যাচ্ছে ভারতীয় সেনাকে ফিঙ্গার ৩ এলাকায় মোতায়েন করা হবে। রাহুলের কথায়, ফিঙ্গার ফোর অঞ্চল ভারতের অন্তর্গত। সেখানেই আমাদের সেনা শিবির ছিল। কিন্তু সেনাবাহিনী সেখান থেকে সরিয়ে ফিঙ্গার থ্রি এলাকায় আনা হয়েছে।’ তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে জমি ছেড়ে দিচ্ছেন কেন? প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে এই প্রশ্নের জবাব দিতে হবে বলেও দাবি করেন রাহুল।

প্রাক্তন কংগ্রেস সভাপতির এই বৈঠকের পরই বিবৃতি দেয় প্রতিরক্ষা মন্ত্রক। তাতে বলা হয়েছে, অনেকের ধারণা ফিঙ্গার ফোর পর্যন্ত ভারতের সীমানা। এই ধারণা ভুল। মানচিত্রে ভারতের সীমানা নির্দিষ্ট করে দেখানো আছে। ১৯৬২ সাল থেকে ভারতের ৪৩ হাজার বর্গকিলোমিটার জমি দখল করে রেখেছে চিন
সেই অঞ্চলটিও মানচিত্রে দেখানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ভারত মনে করে লাইন অফ একচুয়াল কন্ট্রোল ফিঙ্গার এইট দিয়ে গেছে। আর সেই কারণেই বরাবর ভারত চিনকে বলে এসেছে, “আমাদের সেনা ফিঙ্গার এইট পর্যন্ত টহল দেবে।” ভারতের সীমানা সম্পর্কে আরো নির্দিষ্ট করে বলা হয়েছে প্যাংগং সো হ্রদের উত্তরে দুই দেশের সেনা শিবির আছে। ভারতের শিবির আছে ফিঙ্গার থ্রি অঞ্চলে। তার নাম ধন সিং থাপা পোস্ট। চিনের শিবির আছে ফিঙ্গার এইট-এর পূর্বে।’ সম্প্রতি যে চুক্তি হয়েছে তাতে বলা হয়েছে কেউ কারোর সীমানা পেরিয়ে আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *